এসডিজি অর্জনে উন্নয়ন সহযোগীদের সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে সহায়তা দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের পথে বাংলাদেশের অগ্রগতি অনেক মিথকে ভুল প্রমাণ করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়।
আজ সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭০তম সম্মেলনের প্লেনারি অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ভেরোনিকা স্কোভর্তাসোভা এই অধিবেশনে সভাপতিত্ব করেন। ২২ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বার্ষিক অধিবেশন শুরু হয়েছে।
সম্মেলনে ১৯০টি দেশের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যদের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোখসানা কাদের, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের সভাপতি সৈয়দ মোদাচ্ছের আলী, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান দিলীপ কুমার রায় প্রমুখ রয়েছেন।
মোহাম্মদ নাসিম বলেন, এমডিজি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে নজির তৈরি করেছে। এসডিজির ক্ষেত্রের তা-ই হবে। এ জন্য বাংলাদেশ নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বক্তব্য উপস্থাপনের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন মহাপরিচালক টেড্রস অ্যাডহাম ঘেব্রেইয়েসাসকে অভিনন্দন জানান। তিনি বলেন, নতুন মহাপরিচালকের দক্ষতা ও প্রজ্ঞা বাংলাদেশের স্বাস্থ্য খাত উন্নয়নে কাজে লাগবে।
গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে টেড্রস অ্যাডহাম ঘেব্রেইয়েসাস নির্বাচিত হন। টেড্রস ইথিওপিয়ার সাবেক স্বাস্থ্যমন্ত্রী। তিনি মার্গারেট চ্যানের স্থলাভিষিক্ত হলেন।