এসডিজি অর্জনে টেকসই রাজনীতি দরকার: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন করতে টেকসই রাজনীতি গড়তে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, এসডিজি অর্জন করতে হলে জঙ্গি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও তেঁতুল হুজুরমুক্ত টেকসই রাজনীতি গড়তে হবে। টেকসই রাজনীতির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে দলবাজি, ক্ষমতাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ রোববার টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) আলোকে বাংলাদেশে দলিত জনগোষ্ঠীর অবস্থান শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন। তিনি আরও বলেন, জঙ্গি, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতামুক্ত টেকসই রাজনীতি দরিদ্র ও বঞ্চিতদের অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিতে সম্পৃক্ত হতে সাহায্য করে।

বক্তব্যের একপর্যায়ে তথ্যমন্ত্রী হাসানুল হক বলেন, ‘অসাম্প্রদায়িকতার জায়গা ঠিক না থাকার কারণেই ব্রাহ্মণবাড়িয়া ও রংপুরের ঘটনা ঘটেছে।’

যৌথভাবে নাগরিক সংলাপটি আয়োজন করেছে অভিযান, হেকস/ইপার, নাগরিক উদ্যোগ, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ। এতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য।

সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম। এতে মূল প্রবন্ধ পাঠ করেন রিইবের নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা।