এসডিজি অর্জনে যুবসমাজকে কাজে লাগাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে কাজে লাগাতে হবে যুবসমাজকে। এখন কর্মক্ষম এমন যুব জনসংখ্যা ৪ কোটি ৩৪ লাখ, যাদের বয়স ১৫ থেকে ২৯ বছর। আর এ বিপুলসংখ্যক তরুণ-তরুণীর কাজের ক্ষেত্র তৈরি করতে পারলে আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যেই এর সুফল পাওয়া যাবে। এ ক্ষেত্রে সব ধরনের বৈষম্য দূর করার পাশাপাশি খাদ্য, পুষ্টি, পরিবেশ, অবকাঠামো, কৃষি উন্নয়ন, নারী-পুরুষের সমতা, প্রযুক্তিগত উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি ও গবেষণা খাতে আরও নজর দেওয়া প্রয়োজন।

আজ বুধবার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত ‘২০৩০ সালের লক্ষ্য অর্জনের পথ : দারিদ্র্য দূরীকরণ, টেকসই উৎপাদন ও ভোগ নিশ্চিতকরণ’ শীর্ষক গোলটেবিল সভায় এসব বিষয় তুলে ধরেন বক্তারা। এ বৈঠকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তরুণ সমাজের ভূমিকার বিষয়টি উঠে আসে। বৈঠকে এসডিজি অর্জনে যেসব বিষয় বাধা হয়ে দাঁড়াতে পারে, তা তুলে ধরা হয়। আলোচনা করা হয় সমস্যাগুলোর সমাধান নিয়েও।

‘২০৩০ সালের লক্ষ্য অর্জনের পথ: দারিদ্র্য দূরীকরণ, টেকসই উৎপাদন ও ভোগ নিশ্চিতকরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থিত আলোচকেরা। আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: মনিরুল আলম
‘২০৩০ সালের লক্ষ্য অর্জনের পথ: দারিদ্র্য দূরীকরণ, টেকসই উৎপাদন ও ভোগ নিশ্চিতকরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থিত আলোচকেরা। আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: মনিরুল আলম

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। প্রথম আলো ও জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ বৈঠকের সঞ্চালনায় ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এতে উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আ হ ম কামাল বলেন, এসডিজির ১৬৯টি লক্ষ্য মানুষের চাহিদার কথা বলে। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশের ভূমিকা অনুকরণীয়। আর এমডিজির হাত ধরেই এসডিজির আগমন। সরকার এ লক্ষ্যে কাজ করছে। তবে এসডিজি অর্জন শুধু সরকারের লক্ষ্য নয়। এটি অর্জনে সবার এগিয়ে আসা জরুরি।
তিনি আরও বলেন, বিশ্বের অর্থনীতি পরিবর্তিত হচ্ছে। বর্তমানে ক্রয়সক্ষমতা সূচকে (পারচেজিং পাওয়ার প্যারিটি) বাংলাদেশ ৪৪ নম্বরে। আশা করা যায়, আগামী ২০ বছরের মধ্যে এ সূচকে বাংলাদেশ আরও উন্নতি করবে। বর্তমানে খাদ্য উৎপাদনে এগিয়ে আছে বাংলাদেশ।
তিনি বলেন, ‘নতুন গবেষণা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আমি আগ্রহী। কেউ এ ধরনের প্রকল্পের প্রস্তাব দিলে তাতে কার্যকারিতার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, এসডিজি অর্জনে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। দেশে ১১১টি যুব প্রশিক্ষণ কেন্দ্র আছে। সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে যুবকেরা স্বাবলম্বী হচ্ছেন। শুরুতে তাঁরা সরকারের কাছ থেকে ঋণ নিচ্ছেন। পরে নিজেরাই কাজের ক্ষেত্র তৈরি করে অন্যদের কাজের সুযোগ দিচ্ছেন, ঋণ–সহায়তা দিচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, এমডিজির চেয়ে এসডিজি লক্ষ্য পূরণ অনেক কঠিন। অসমতা, কৃষিজমির উৎপাদনশীলতা কমে যাওয়া, কৃষি গবেষণার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নে অব্যাহত জ্বালানি–সুবিধা প্রদানই এসডিজি অর্জনে বড় চ্যালেঞ্জ। জমির ক্ষেত্রে উৎপাদন বাড়াতে বা অধিক জমিকে চাষের আওতায় আনতে গবেষণার প্রয়োজন।
বৈঠকের শুরুতে বাংলাদেশের মোট তরুণসমাজের কর্মক্ষম অবস্থা তুলে ধরেন ইউএনএফপিএর ইয়ুথ অ্যান্ড অ্যাডলসেন্ট ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মুনির হোসেন। তিনি বলেন, ১৮ থেকে ৩৫ বছর বয়সী দেশের মোট তরুণ জনগোষ্ঠীর সংখ্যা ৪ কোটি ৮০ লাখ। এই তরুণসমাজকে কাজে লাগাতে হলে এদের শিক্ষা, স্বাস্থ্য উন্নয়নে আরও বিনিয়োগ প্রয়োজন।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কামরুল হাসান বলেন, বাজেটে যুবকদের উন্নয়নে সবচেয়ে কম বরাদ্দ থাকে। তাই প্রশিক্ষণ পাওয়ার পরেও বরাদ্দের অভাবে কাজ করতে পারে না যুবসমাজ।
অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সহসভাপতি ফারহানা এ রহমান বলেন, তরুণদের ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগের জন্য পুঁজি, দক্ষতা ও নিরাপত্তা প্রধান চ্যালেঞ্জ। অর্থনীতিতে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে হলে কাজ করার পরিবেশে তৈরি করতে হবে। মেয়েদের যোগ্যতা থাকলেও অনেক সময় সামাজিক মানসিকতার কারণে মেয়েরা বিনিয়োগে আসতে পারে না। এ ছাড়া কারিগরি দিক দিয়েও পিছিয়ে আছে মেয়েরা।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষক তৌফিকুল ইসলাম খান বলেন, এসডিজি নিয়ে বড় পর্যায়ে কাজ শুরু করতে প্রাতিষ্ঠানিক কাঠামো কী হতে পারে, তা আগে আলোচনা করতে হবে। পরিবেশগত দিকটি বিবেচনায় আনা খুবই জরুরি। বাংলাদেশে কোনো লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের দিকে জোর দেওয়া হয়। খাদ্যের অপচয় কমাতে হবে। শিল্প–কারখানাগুলোকেও উৎপাদনের সময় পরিবেশগত দিকটি বিবেচনা করতে হবে।
তরুণসমাজের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘের ইয়ুথ অ্যান্ড অ্যাডভাইজরি প্যানেলের সদস্য নুসরাত মুনতাকা খান। তিনি বলেন, উদ্যোক্তা হতে হলে বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হয়। বেশির ভাগ তরুণেরা এ বিষয়ে অবগত নন। ব্যবসা করতে হলে লাইসেন্স কীভাবে পেতে হয় বা বৈধভাবে কীভাবে কাজ শুরু করা যায়, সে সম্পর্কে তরুণদের জানাতে হবে।
এসডিজি অর্জনে বাল্যবিবাহকে অন্যতম বাধা বলে মন্তব্য করেন জাতিসংঘের ইয়ুথ অ্যান্ড অ্যাডভাইজরি প্যানেলের আরেক সদস্য মোস্তাফিজুর রহমান। তিনি আরও বলেন, সাধারণত তরুণদের মধ্যে নতুন বিনিয়োগকারীরা সহজে ব্যাংকঋণ পান না। তাঁদের ঋণ পেতে সহযোগিতা করতে হবে। প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
এসডিজি অর্জনে সম–অধিকারের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ বলেন, নারী উন্নয়ন বাস্তবায়ন হলে এবং নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে এসডিজি অর্জনে অনেক দূর এগিয়ে যাবে দেশ। এ ক্ষেত্রে শিশুদের পাঠদান কর্মসূচি থেকে শুরু করে ঘরে ঘরে সচেতনতা আনতে হবে। এ ছাড়া খাদ্যের পুষ্টিগুণ বাড়াতে হবে। কোন খাদ্যের মাধ্যমে কীভাবে সর্বোচ্চ পুষ্টি পাওয়া যাবে, সে বিষয়টি দেখতে হবে।
খাদ্য অপচয় বন্ধের ওপর জোর দিয়ে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এখানে অনেক খাদ্যের অপচয় হয়। বলা হয়ে থাকে, বছরে বোরো ও আউশ ধানের অপচয় হয় ৭ শতাংশ। মূলত অবকাঠামো, সংরক্ষণ, প্রযুক্তিগত সমস্যার কারণে ফসলের অপচয় হয়।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, এসডিজি অর্জনের লক্ষ্যে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ। আগের তুলনায় নারী-পুরুষ বৈষম্য অনেক কম। তবে উৎপাদনের ক্ষেত্রে শুধু শ্রমিক ছাড়া ভূমি, মূলধন, সংগঠক—সবকিছুই এ দেশে দুষ্প্রাপ্য।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান বলেন, তৈরি পোশাক খাতে উৎপাদন বিচ্ছিন্নভাবে না করে এটাকে একটি নিয়মের মধ্যে আনা প্রয়োজন। এ জন্য সরকারের অর্থনৈতিক অঞ্চল তৈরির বিষয়টি প্রশংসনীয়। যত দ্রুত অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হবে, তত পরিবেশগত অবস্থার উন্নতি হবে।