এসডিজি অর্জনে যুবসমাজকে সম্পৃক্ত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ও ইউএনএফপিএ আয়োজিত গোলটেবিল বৈঠকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ডানে) ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার l প্রথম আলো
প্রথম আলো ও ইউএনএফপিএ আয়োজিত গোলটেবিল বৈঠকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ডানে) ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার l প্রথম আলো

সবাইকে সঙ্গে নিয়েই টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন করতে হবে। সরকারের একার পক্ষে সব লক্ষ্য অর্জন করা কঠিন। এর সঙ্গে দেশের বিশাল যুবসমাজকে সম্পৃক্ত করতে হবে। টেকসই উৎপাদন ও ভোগ নিশ্চিত করতে তরুণ-তরুণীদের দক্ষতা বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এতে দারিদ্র্য নিরসনও হবে।
গতকাল বুধবার প্রথম আলো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) আয়োজিত ‘২০৩০ সালের লক্ষ্য অর্জনের পথ: দারিদ্র্য দূরীকরণ, টেকসই উৎপাদন ও ভোগ নিশ্চিতকরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। কারওয়ান বাজারে প্রথম আলোর সম্মেলনকক্ষে এ বৈঠক হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) মতো ২০৩০ সালের আগেই এসডিজির লক্ষ্য অর্জন করবে বাংলাদেশ। ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারলেই দারিদ্র্য, খাদ্য নিরাপত্তা, গুণগত মান—এসব প্রশ্নের উত্তর মিলবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, ২০৪০ সালের মধ্যে বিশ্বের ২৩তম বৃহত্তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। দেশের সম্পদ সীমিত, চাহিদা বেশি। সম্পদ ও চাহিদার সমন্বয় করে অগ্রাধিকারের ভিত্তিতে এসডিজির লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, দেশে ২ কোটি মধ্যবিত্ত রয়েছে। এ সংখ্যা আরও বাড়বে। এই মধ্যবিত্তরাই ভোক্তা, তাঁরাই অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবেন।
বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, এসডিজি অর্জনে যুবশক্তিই মূল ভূমিকা পালন করবে। তাঁদের কীভাবে সম্পৃক্ত করা যায়, সেটাই বিবেচনা করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে ২০ লাখের মতো আত্মকর্মী বা উদ্যোক্তা তৈরি হয়েছে। ৬৪টি উপজেলায় এখন এইচএসসি পাস করা কেউ বেকার নেই।
অনুষ্ঠানে ইউএনএফপিএর ইয়ুথ অ্যান্ড অ্যাডোলেসেন্টের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মুনির হোসেন দেশের যুবসমাজকে নিয়ে একটি উপস্থাপনা দেন। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৪ কোটি ৮০ লাখ তরুণ-তরুণী আছেন। শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে ১৫ থেকে ২৯ বছর বয়সী জনগোষ্ঠীর সংখ্যা ৪ কোটি ৩৪ লাখ। এটা পৃথিবীর অনেক দেশের মোট জনসংখ্যার চেয়ে বেশি। জনসংখ্যার সুবিধা (পপুলেশন ডিভিডেন্ড) পেতে হলে যুবসমাজের জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে হবে। শ্রমশক্তিতে থাকা তরুণ-তরুণীদের মধ্যে ২৫ দশমিক ৪ শতাংশ কাজ করেন না, আবার তাঁরা পড়াশোনা করেননি কিংবা কোনো প্রশিক্ষণও নেননি।
ইউএনএফপিএর জনসংখ্যা ও উন্নয়নবিষয়ক উপদেষ্টা এম শহিদুল ইসলাম বলেন, দেশে মধ্যবিত্তের সংখ্যা বাড়ছে। এতে ভোগ ও পরিবেশের ওপর চাপ বাড়ছে। কৃষি ও বস্ত্র খাতই সবচেয়ে বেশি পানি নষ্ট করে। অথচ এ দুটির ওপর বাংলাদেশের অর্থনীতি অনেকটা নির্ভরশীল। তিনি বলেন, সারা বিশ্বে বছরে ১ দশমিক ৩ বিলিয়ন টন খাদ্য নষ্ট হয়। এর আর্থিক মূল্য ১ ট্রিলিয়ন ডলার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এম এম আকাশ বলেন, ‘আমরা মধ্যম আয়ের দেশ হতে চাই। কিন্তু চীন মধ্যম আয়ের দেশ হয়ে একটি ফাঁদে পড়ে গেছে। চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি যেমন বেড়েছে, তেমনি বৈষম্যও বেড়েছে। তাই চীন ও ব্রাজিলের মতো দেশ উচ্চ আয়ের দেশে উন্নীত হতে পারছে না। বৈষম্য থাকলে মধ্যম আয়ের দেশ হওয়া সম্ভব, কিন্তু উচ্চ আয়ের দেশে যাওয়া সম্ভব নয়। তাই আমাদের পরিকল্পনায় বৈষম্য কমানোর উদ্যোগ থাকতে হবে।’
ভোগ্যপণ্যের অপচয় রোধের তাগিদ দিয়ে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান বলেন, নিম্ন ও মধ্যবিত্তরা খাবার নষ্ট করে না। ভোক্তার হাতে পৌঁছানোর আগেই ভোগ্যপণ্যভেদে ৮ থেকে ৩২ শতাংশ অপচয় হয়। অবকাঠামো, প্রযুক্তি ও মজুতদারির অভাবে এ অপচয় হয়। অপচয় কমাতে ভোক্তাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, এ দেশে এখন প্রয়োজন অনুসারে দক্ষ কর্মী দরকার। বিবিএ পাস করা একজন তরুণকে কারখানায় সুতা কাটার কাজ দিতে হচ্ছে। দেশের পাঁচ কোটি তরুণী-তরুণীকে উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত করতে মূলধন প্রাপ্তির সুযোগ করে দিতে হবে।
তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান বলেন, উৎপাদনব্যবস্থায় এখন নতুন চ্যালেঞ্জ হলো ‘সবুজ কারখানা’ তৈরি করা। বর্তমানে ১২৫টি এমন কারখানা নিবন্ধিত আর ২৬টি সনদপ্রাপ্ত। টেকসই উৎপাদনের জন্য এই উদ্যোগ খুবই কার্যকর।

গতকাল প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত ‘২০৩০ সালের লক্ষ্য অর্জনের পথ: দারিদ্র্য দূরীকরণ, টেকসই উৎপাদন ও ভোগ নিশ্চিতকরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থিত আলোচকেরা l প্রথম আলো
গতকাল প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত ‘২০৩০ সালের লক্ষ্য অর্জনের পথ: দারিদ্র্য দূরীকরণ, টেকসই উৎপাদন ও ভোগ নিশ্চিতকরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থিত আলোচকেরা l প্রথম আলো

টেকসই উৎপাদনব্যবস্থার উদাহরণ দিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষক নাজনীন আহমেদ বলেন, বাংলাদেশে বড় বড় শিল্পকারখানা হচ্ছে। কিন্তু এসব কারখানার জন্য দক্ষ শ্রমিক তৈরি করা যাচ্ছে না। সেখানে বিদেশিরা চাকরি করছেন। দেশি শ্রমিক দিয়ে এ শূন্যতা কীভাবে পূরণ করা হবে, এর পরিকল্পনা তৈরি করতে হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কামরুল হাসান বলেন, ‘প্রতিটি উপজেলায় যুবকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে তাঁদের মাসে ৫ থেকে ৫০ হাজার টাকা আয়ের পথ করে দিচ্ছি।’
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সহসভাপতি ফারহানা এ রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাঁদের উদ্যোক্তা হিসেবে অংশগ্রহণের সুযোগ সীমিত। এ বিষয়ে নজর না দিলে সময়মতো এসডিজি অর্জন কঠিন হবে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি)ðগবেষক তৌফিকুল ইসলাম খান বলেন, টেকসই উৎপাদনে বেশি মনোযোগী হতে হবে। এর জন্য বাড়তি বিনিয়োগ লাগবে। তাই নীতিকাঠামোতে পরিবর্তন আনা দরকার।
অনুষ্ঠানে জাতিসংঘের ইয়ুথ অ্যাডভাইজরি প্যানেলের সদস্য নুসরাত মুনতাকা খান ও মোস্তাফিজুর রহমান কীভাবে যুবসমাজ উন্নয়ন কার্যক্রমে অংশ নিতে পারে, সেই আলোকে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। মোস্তাফিজুর রহমান বলেন, কুষ্টিয়ার একটি এলাকায় কিছু তরুণ-তরুণী ওই এলাকার বয়ঃসন্ধিকালের কিশোর-কিশোরীদের তালিকা করে প্রত্যেকের নাম, ঠিকানা, বয়স—এসব তথ্য সংগ্রহ করেন। যখনই কারও বাল্যবিবাহের উদ্যোগ নেয় পরিবার, সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে জানিয়ে দেন ওই তরুণ-তরুণীরা। এটি বাল্যবিবাহ রোধে কার্যকর ভূমিকা পালন করছে।
নুসরাত মুনতাকা খান মনে করেন, এখন যারা শৈশব বা কৈশোর পার করছে, তারা ২০২৫ সালে যুবশক্তি হবে। তাই স্কুল পর্যায়ে এখন থেকেই উদ্যোক্তা সম্পর্কে ধারণা দিতে হবে।
গোলটেবিল আলোচনা সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। সভায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান উপস্থিত ছিলেন।