বিশ্ব স্পিকার সম্মেলনে সাবের হোসেন চৌধুরী
এসডিজি অর্জনে সংসদ ও সাংসদদের ভূমিকা গুরুত্বপূর্ণ

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পার্লামেন্ট ও সংসদ সদস্যদের (এমপি) ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চতুর্থ বিশ্ব স্পিকার সম্মেলনে এ মন্তব্য করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি সাবের হোসেন চৌধুরী।
আইপিইউ আয়োজিত এই সম্মেলন জাতিসংঘের সদর দপ্তরে গত সোমবার থেকে শুরু হয়েছে। বিশ্বের ১৪০টি দেশের পার্লামেন্টের স্পিকার ও ডেপুটি স্পিকাররা এ সম্মেলনে যোগ দিয়েছেন।
চার দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবের হোসেন চৌধুরী। সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সান কুতেসা বক্তব্য দেন।
সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অংশ নিচ্ছে।
এসডিজি অর্জনে সংসদ ও সাংসদদের ভূমিকায় গুরুত্বারোপ করে আইপিইউর সভাপতি বলেন, ২০১৫ সাল আইপিইউর জন্য গুরুত্বপূর্ণ। কারণ, একই বছরে জাতিসংঘের তিনটি গুরুত্বপূর্ণ সম্মেলন হচ্ছে। গত মার্চে জাপানের সেন্দাইয়ে দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য নতুন চুক্তি হয়েছে। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হবে। এ ছাড়া আগামী ডিসেম্বরে ফ্রান্সের প্যারিসে হবে বিশ্ব জলবায়ু সম্মেলন।
সাবের হোসেন চৌধুরী বলেন, এসব ঘটনার মাধ্যমে সংসদ ও সাংসদদের সাধারণ মানুষের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে সুশাসনের বিষয়টি জাতিসংঘের এবারের উন্নয়ন লক্ষ্যমাত্রায় আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হওয়ায় এ সম্ভাবনা বহু গুণ বেড়েছে। এতে এমপিদের দায়িত্বও বেড়ে গেছে। এমপিদের সক্রিয় ভূমিকা পালনের মধ্য দিয়ে আইপিইউ বিভিন্ন দেশের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়িয়ে সুশাসন প্রতিষ্ঠায় এবং এসডিজি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের নিয়মানুযায়ী, প্রতি পাঁচ বছর পরপর এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিভিন্ন দেশের স্পিকারের সঙ্গে বৈঠক: সাবের হোসেন চৌধুরী ভিয়েতনামের স্পিকার সিং হুং নাইয়ান, ইরানের স্পিকার আলী লারিজানি, হাঙ্গেরির স্পিকার লাজিও কভার এবং লিথুয়ানিয়ার স্পিকার লরেটো গ্রাজিনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এসব বৈঠকে এসডিজি কর্মসূচি বাস্তবায়ন এবং বিশ্ব শান্তি ও উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
এ ছাড়া সাবের হোসেন চৌধুরী গতকাল জাতিসংঘ মহাসচিব বান কি মুনের একটি মধ্যাহ্নভোজে অংশ নেন। সন্ধ্যায় সাবের হোসেন চৌধুরী আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে বান কি মুনসহ শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন।