এসডিজি অর্জনে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সফলতা দেখিয়েছে। এখন বাংলাদেশের সামনে রয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) পৌঁছানো। এসডিজির পরিসর অনেক বড়। পরিকল্পিত ও সমন্বিতভাবে কাজ করতে পারলে ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য অর্জন করা সম্ভব।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে ‘জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জাতিসংঘ তথ্যকেন্দ্র (ইউএনআইসি) এ আলোচনার আয়োজন করে। সহযোগিতায় ছিল চট্টগ্রাম প্রেসক্লাব ও নিপ্পন একাডেমি।

সভায় বক্তারা বলেন, এসডিজিতে দারিদ্র্যবিলোপ, ক্ষুধামুক্তি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারীর ক্ষমতায়নসহ ১৭টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকার, বেসরকারি-উন্নয়ন সংস্থার পাশাপাশি সাধারণ মানুষকেও এই কাজে সম্পৃক্ত করতে হবে। বাস্তবসম্মত পরিকল্পনা করে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তা হিসেবে ছিলেন জাতিসংঘ তথ্যকেন্দ্রের কর্মকর্তা মো. মনিরুজ্জামান, নিপ্পন একাডেমির চেয়ারম্যান ও অনারারি কনসাল জেনারেল অব জাপান মুহম্মদ নুরুল ইসলাম ও চট্টগ্রাম প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী আবুল মনসুর।