এসডিজি পরামর্শক গ্রুপের সদস্য হলেন মুহাম্মদ ইউনূস

টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি কর্মসূচির পরামর্শক গ্রুপের সদস্য হলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘের মহাসচিব বান কি মুন তাঁকে এই পদে মনোনীত করেছেন।
গত বৃহস্পতিবার ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরামর্শক গ্রুপের দায়িত্ব হলো এসডিজি কর্মসূচির উন্নয়ন ও বাস্তবায়ন। গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত হয় এসডিজি।
সম্প্রতি সুইজারল্যান্ডে ‘দাভোস ওপেন ফোরামে’ এই পরামর্শক গ্রুপ গঠনের কথা ঘোষণা করেন বান কি মুন। এ ছাড়া গ্রুপের কো-চেয়ার হিসেবে ঘানার প্রেসিডেন্ট জন ড্রামানি মাহামা ও নরওয়ের প্রধানমন্ত্রী ইরনা সলবার্গের নাম ঘোষণা করেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই পরামর্শক গ্রুপের সদস্য মনোনীত হওয়ার আগে থেকেই এমডিজির অন্যতম পরামর্শদাতা হিসেবে কাজ করছেন মুহাম্মদ ইউনূস। এই গ্রুপের সদস্য হতে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে আরও আমন্ত্রণ পেয়েছেন চীনের ব্যবসায়ী জ্যাক মা, বেলজিয়ামের রানি মাথিল্দ, ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল পোলম্যান, আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি, পপতারকা শাকিরা, অভিনেতা ফরেস্ট হুইটেকার, চলচ্চিত্র নির্মাতা রিচার্ড কার্টিস প্রমুখ।
তিউনিসীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: তিউনিসিয়ায় তরুণদের ব্যাপক বেকারত্ব সমস্যা মোকাবিলার উপায় নিয়ে দেশটির প্রধানমন্ত্রী হাবিব এসিদের সঙ্গে বৈঠক করেছেন মুহাম্মদ ইউনূস। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের পাশাপাশি তাঁদের মধ্যে এ আলোচনা হয়।