এসডিজি পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই লক্ষ্যমাত্রা পূরণে গবেষকদের নতুন নতুন তত্ত্ব কাজে লাগাতে হবে, যাতে প্রত্যাশিত সাফল্য অর্জিত হয়।
গতকাল শনিবার বিকেলে দুই দিনব্যাপী আন্তর্জাতিক টেকসই উন্নয়ন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম নগরের একটি হোটেলের সম্মেলনকক্ষে সাদার্ন ইউনিভার্সিটি এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, স্বাধীনতাপরবর্তী সময়ে বাংলাদেশ বিভিন্ন উন্নয়ন সূচকে ব্যাপক উন্নতি করেছে। এই সময়ের মধ্যে দারিদ্র্য দূরীকরণ, শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাসে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। ধান উৎপাদনে সারা বিশ্বে দেশের অবস্থান এখন চতুর্থ। বাংলাদেশ কীভাবে এত উন্নতি করল, সেটাই এখন বিশ্বের কাছে গবেষণার বিষয়।
অধ্যাপক আবদুল মান্নান আরও বলেন, দেশের মোট জনসংখ্যার ৬৫ শতাংশের বয়স ৩৫ বছরের নিচে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে অন্যতম সহায়ক ভূমিকা পালন করবে এই তরুণেরাই। সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, প্রধান বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক নিয়াজ এ খান প্রমুখ।