দেশের আর্থসামাজিক উন্নয়নে গত চার দশকে বেসরকারি সংস্থা (এনজিও) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। এ জন্য এমন নীতিকাঠামো দরকার যার ভিত্তি হবে সহযোগিতামূলক ও সম্মানের।
গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশে বেসরকারি সংস্থার ভূমিকা’ শীর্ষক সম্মেলনে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, এনজিও নেতা, অর্থনীতিবিদ ও গবেষকেরা এসব কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরো যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে এনজিওগুলো গুরুত্বপূর্ণ অংশী। এসডিজি বাস্তবায়নের জন্য সরকারকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনায় কোন এনজিও কোন অভীষ্ট অর্জনে কাজ করবে তা সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
শুরুর অধিবেশনে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এসডিজির দলিল প্রণয়নে এনজিওরা ভূমিকা রেখেছে। এসডিজি বাস্তবায়ন ও মূল্যায়নেও তারা ভূমিকা রাখবে। তাদের এই ভূমিকা হবে সমর্থন ও সহযোগিতামূলক। এ জন্য নীতিকাঠামো দরকার, এই নীতিকাঠামোর ভিত্তি হবে আস্থার ও সম্মানের। তিনি ১০০ কোটি টাকার এসডিজি ট্রাস্ট ফান্ড তৈরি করার প্রস্তাব করেন।
প্রতিটি এনজিও স্বেচ্ছায় নিজের কাজের লক্ষ্য প্রকাশ করলে সরকারের কাজ সহজ হবে বলে মত দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ।
এসডিজি বিষয়ে সরকারের অনুক্রমিক কাজের বর্ণনা দিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম বলেন, আন্তর্জাতিক পর্যায়ে চলমান কর্মকাণ্ডের সঙ্গে মিলিয়ে সরকার কাজ করছে। কিছু কাজের ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে। অভীষ্ট ও লক্ষ্য অর্জনে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করা হয়েছে। ৪০ জন পদস্থ কর্মকর্তাকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বলা হয়, এনজিও ব্যুরোতে নিবন্ধিত এনজিও আড়াই হাজারের বেশি। এরা বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকার বিদেশি সহায়তা পায়। এ ছাড়া দেশে আরও অনেক বেসরকারি ও দাতব্য সংস্থা আছে। এসডিজি বাস্তবায়ন ত্বরান্বিত করার জন্য এদের কাজের এলাকা, কে কোন খাতে কাজ করছে, তার জরিপ হওয়া দরকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান, সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির প্রমুখ বক্তব্য দেন।