এসডিজি বাস্তবায়নে শীর্ষ তিনটি দেশের একটি বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকারের যথাযথ পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের উদ্যোগের ফলেই বাংলাদেশ আজ এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ তিনটি দেশের একটিতে পরিণত হতে পেরেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের আগে মুজিব বর্ষ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত স্মারকগ্রন্থ ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু’-এর মোড়ক উন্মোচনকালে দেওয়া ভাষণে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং পরিকল্পনামন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের (এনইসি) সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার গঠন করার পর থেকে আমরা নানা কার্যকর পদক্ষেপ নিচ্ছি। যার ফলাফল আজকে আমরা এসডিজি বাস্তবায়নে বিশ্বের তিনটি দেশের মধ্যে অন্যতম অবস্থানে রয়েছি।’ তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সুপরিকল্পিত পদক্ষেপ নিয়েছি এবং আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনায় এগুলো আমরা গ্রহণ করেছি। আবার আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে ঘোষণাপত্র, গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার, সেখানেও কিন্তু দেশের উন্নয়নের কথা চিন্তা করেই বিভিন্ন পদক্ষেপের কথা আমরা ঘোষণা করেছি।’
শেখ হাসিনা বলেন, ‘এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যে সুপরিকল্পিত পদক্ষেপ নিয়েছি এবং পঞ্চবার্ষিক পরিকল্পনায় এগুলো গ্রহণ করেছি, আবার বাংলাদেশ আওয়ামী লীগের যে ঘোষণাপত্র, গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার, সেখানেও দেশের উন্নয়নের কথা চিন্তা করেই বিভিন্ন পদক্ষেপের কথা আমরা ঘোষণা করেছি এবং সেভাবেই সরকার গঠন করার পর থেকে নানা কার্যকর পদক্ষেপ নিচ্ছি, যার ফলাফল আজকে আমরা এসডিজি বাস্তবায়নে বিশ্বের তিনটি দেশের মধ্যে অন্যতম অবস্থানে রয়েছি।’ তিনি বলেন, বিশেষ করে এই করোনাভাইরাসের কারণে যখন সমগ্র বিশ্বের অর্থনীতি স্থবির, সেই সময় বাংলাদেশ একদিকে করোনাভাইরাস মোকাবিলা ও মানুষকে সুরক্ষিত করা, অপরদিকে অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল রাখতে পেরেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি মনে করি, আমরা সবাই মিলে কাজ করেছি এবং সবাইকেই আমি এ জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ, সবাই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন বলেই এই অর্জনটা সম্ভব হয়েছে। তবে আমাদের আরও অনেক দূর যেতে হবে।’
জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নেও বাংলাদেশ অনেক অগ্রগামী ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এমডিজি বাস্তবায়নের ক্ষেত্রেও বাংলাদেশ যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছিল এবং এসডিজির ক্ষেত্রেও সে পথেই আমরা এগিয়ে যাচ্ছি।’ শেখ হাসিনা বলেন, ‘আমার সব থেকে ভালো লাগে যখন আমরা কোনো সিদ্ধান্ত নিই, আমাদের যারা সহকর্মী-সামরিক, অসামরিক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে আমাদের সংগঠন এবং সর্বোপরি দেশের জনগণ সেটাকে আপন করে নেয়, গ্রহণ করে এবং কার্যকর করতে আন্তরিক হয়।’
তাঁর সরকারকে অনেক ঘাত-প্রতিঘাত এমনকি মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবিলা করেই আজকের অবস্থানে আসতে হয়েছে, স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এগুলো মোকাবিলা করেই বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।