এসডিজি বাস্তবায়নে সঠিক তদারকি ব্যবস্থা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যে বা এমডিজিতে যে ঘাটতিগুলো ছিল, টেকসই উন্নয়ন লক্ষ্যে বা এসডিজিতে তা নেই। এমডিজি শুধু অনুন্নত দেশগুলোর জন্য প্রযোজ্য ছিল, এসডিজি সব দেশের জন্য। কিন্তু এসডিজি ঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা তদারকির ব্যবস্থা এখনো চূড়ান্ত হয়নি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত ‘এমডিজি টু এসডিজি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে একাধিক আলোচক এসব কথা বলেন। বক্তারা এসডিজি বাস্তবায়নে অনুন্নত রাষ্ট্রগুলোর জন্য অর্থ দেওয়ার ব্যবস্থা করা এবং এর লক্ষ্যগুলো ঠিকভাবে বাস্তবায়নের জন্য একটি প্রাতিষ্ঠানিক তদারকি ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন।
বৈঠকের শুরুতেই ইউএনডিপির এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক ও সহকারী প্রশাসক হাউলিয়াং জু মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, কোনো একটি রাষ্ট্রের নির্দিষ্ট একটি মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে এসডিজি বাস্তবায়িত সম্ভব হবে না। এ জন্য সরকারের প্রতিটি মন্ত্রণালয়কেই দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ এমডিজির মতো এসডিজি বাস্তবায়নেও সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম এসডিজি বাস্তবায়নে গণমাধ্যম ও নাগরিক সমাজের ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, সরকার সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের ব্যাপারে উদ্ধত (অ্যারোগেন্ট) হয়ে উঠেছে। নাগরিক সংগঠনগুলোর প্রতি আক্রমণাত্মক হয়ে পড়েছে। অথচ এসডিজি বাস্তবায়ন সঠিকভাবে হচ্ছে কি না, তা নিশ্চিত করা ও কাজে স্বচ্ছতা আনার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মাহ্ফুজ আনামের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত প্রথম আলো ও ডেইলি স্টারসহ গণমাধ্যমগুলোর সংবাদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি। বর্তমান সরকারের আমলে সবচেয়ে বেশি বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুমোদন পেয়েছে।
শামসুল আলম বলেন, ধনী দেশগুলো তাদের মোট জাতীয় আয়ের দশমিক ৭ শতাংশ এমডিজি বাস্তবায়নের জন্য দেওয়ার অঙ্গীকার করেছিল। কিন্তু নরওয়ে, যুক্তরাজ্য, সুইডেনসহ মাত্র কয়েকটি দেশ সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে। তিনি আরও বলেন, ধনী দেশগুলো বর্তমানে যে ধরনের আর্থিক সহায়তা দিচ্ছে, তার বেশির ভাগই ঋণ।
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটারএইড বাংলাদেশের দেশীয় পরিচালক খাইরুল ইসলাম এসডিজি বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোতে দক্ষ জনবল তৈরির ওপরে জোর দেন।
ইউএনডিপির আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনসের সঞ্চালনায় অনুষ্ঠানে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান মনসুর, বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, বেসরকারি সংস্থা বিল্ড-এর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, আন্তর্জাতিক সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশের দেশীয় পরিচালক ফারাহ কবির প্রমুখ বক্তব্য দেন।