এসডিজি বাস্তবায়নে 'ডেটা' সংগ্রহের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে ডেটা বা তথ্য সংগ্রহের বিকল্প নেই বলে মনে করেন এই বিষয়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন করতে হলে উপজেলা, জেলা প্রয়োজনে গ্রাম ও ইউনিয়ন পর্যন্ত বয়স ও লিঙ্গভিত্তিক সব জনগোষ্ঠীর ডেটা সংগ্রহ করতে হবে। এ জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) মুখ্য ভূমিকা পালনের তাগিদ দেন তাঁরা।
গতকাল বুধবার রাজধানীতে ডেইলি স্টার সেন্টারের এ এস মাহমুদ সেমিনার হলে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) যৌথভাবে আয়োজিত ‘পলিসি ডায়ালগ অন ডেটা ফর এসডিজি’ অনুষ্ঠানে তাঁরা এ মতামত দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এসডিজি বাস্তবায়নের জন্য দেশের সব মানুষের তথ্য সংগ্রহ করতে হবে। এ জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি, দায়িত্বও ভাগ করে নিয়েছি। কোন মন্ত্রণালয়, কোন কর্মকর্তা, কে সুপারভাইস কিংবা কো-অর্ডিনেট করবেন এবং কোন কর্মকর্তা সেই ডেটা দেখে সর্বশেষ অনুমোদন করবেন, সেটাও নির্ধারণ করা হয়েছে। এখানে ভুলভ্রান্তি হওয়ার সুযোগ থাকবে না।’
সভাপতির বক্তব্যে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) এ দেশীয় প্রতিনিধি আর্জেন্টিনা মাতাভেল পিচিন দারিদ্র্যবিমোচনে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন।
বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিজেল বলেন, জাতীয় পরিকল্পনার জন্য সেই দেশের জনসংখ্যার সঠিক উপাত্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সঠিক উপাত্ত থাকলেই কেবল সেই রাষ্ট্র সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ সানজিদা খানম, উম্মে কুলসুম ও নূরজাহান বেগম; পপুলেশন কাউন্সিলের এ দেশীয় প্রতিনিধি ওবায়দুর রব, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ, ইউএন উইমেনের এ দেশীয় প্রতিনিধি ক্রিস্টিন সুসান হান্টার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ শামীম আহমেদ।