এসডিজির এজেন্ডা গৃহীত, সেপ্টেম্বরে চূড়ান্ত অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০৩০ সালের মধ্যে দারিদ্র্য পুরোপুরি দূর করা এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার জন্য নতুন টেকসই উন্নয়ন লক্ষ্যের এজেন্ডা গতকাল সোমবার সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। জাতিসংঘের ১৯৩টি সদস্যদেশ দীর্ঘ তিন বছরের দর-কষাকষি শেষে ১৭টি লক্ষ্য সামনে রেখে এ এজেন্ডা গ্রহণ করেছে। আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠেয় টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলনে বাংলাদেশসহ ১৫০টি দেশের শীর্ষ নেতারা এই এজেন্ডা চূড়ান্তভাবে অনুমোদন করবেন। আগামী বছরের ১ জানুয়ারি থেকে এই লক্ষ্য পূরণের প্রক্রিয়া শুরু হবে।
‘ট্রান্সফরমিং আওয়ার ওয়ার্ল্ড: দ্য ২০৩০ এজেন্ডা ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) দর-কষাকষির ২৯ পৃষ্ঠার দলিলটি জাতিসংঘের সদর দপ্তরে আলোচনা শেষে গতকাল সদস্যদেশগুলো মেনে নিয়েছে। ওই দলিলের মুখবন্ধে বলা হয়েছে, ‘মানবজাতিকে দারিদ্র্যের কশাঘাত থেকে মুক্ত করা এবং আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে ধরিত্রীর বিপর্যয় রোধের পাশাপাশি এর সুরক্ষা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একটি সাহসী ও রূপান্তরকারী পদক্ষেপ নিতে বদ্ধপরিকর, যা পৃথিবীকে টেকসই করা ও আগের অবস্থায় ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে প্রয়োজন। আমরা একটি সম্মিলিত যাত্রা শুরু করেছি, যে যাত্রা আমরা কাউকে বাদ দিয়ে করব না বলে প্রতিজ্ঞাবদ্ধ।’
জাতিসংঘ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) সাফল্যের ধারাবাহিকতায় নতুন টেকসই উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০০০ সালে গৃহীত এমডিজিতে বিশ্বের ৭০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত হতে সাহায্য করেছে। এমডিজির আটটি লক্ষ্য পূরণে ২০১৫ সালের মধ্যে দারিদ্র্য কমানোর পাশাপাশি ক্ষুধা, রোগ নিবারণ, লিঙ্গবৈষম্য বিলোপ এবং পানি ও পয়োনিষ্কাশনে মানুষের অধিকার নিশ্চিত করার জন্য উন্নয়নশীল বিশ্বের দেশগুলো কাজ করেছে।
জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল বিকেলে তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, এমডিজির লক্ষ্যগুলো বাংলাদেশ ভালোভাবেই পূরণ করতে পেরেছে। উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের সামর্থ্য এখন অনেক বেশি। তাই এসডিজির ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে থাকবে।
এবারের এজেন্ডায় বাংলাদেশের সাফল্য সম্পর্কে জানতে চাইলে শহীদুল হক বলেন, ১৭টি লক্ষ্যের মধ্যে ছয় থেকে সাতটি বিষয়ে বাংলাদেশের প্রস্তাব প্রাধান্য পেয়েছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, অভিবাসন, জলবায়ু পরিবর্তন, আন্তসীমান্ত পানিসম্পদ ব্যবস্থাপনা, সাগর-মহাসাগরের সম্পদ ব্যবস্থাপনা, শিল্পোন্নত দেশের অধিকার। তিনি জানান, এবারের উন্নয়ন এজেন্ডায় সুশাসন, ন্যায়বিচার ও সংঘাতের মতো বিষয়গুলো যুক্ত হয়েছে। কারণ, শান্তি ও স্থিতিশীলতা না থাকলে উন্নয়ন যে নিশ্চিত হবে না, এ বিষয়ে সদস্যদেশগুলো একমত পোষণ করেছে।
জাতিসংঘে আলোচনার প্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এসডিজির এজেন্ডা সর্বসম্মতভাবে গৃহীত হওয়ায় এটিকে ইতিহাসের একটি সন্ধিকাল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি বলেন, এটি জনগণের এজেন্ডা, যা সব জায়গা থেকে সব রকমের দারিদ্র্য বিমোচনের একটি কর্মপরিকল্পনা; যেখানে একজনকেও দরিদ্র থাকতে দেওয়া হবে না। এটি শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করবে এবং যার মূলে রয়েছে জনগণের সঙ্গে পৃথিবীর অংশীদারত্ব প্রতিষ্ঠা।