এসপি অনুপস্থিত, আইনশৃঙ্খলা কমিটির সভা মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ সুপার (এসপি) অনুপস্থিত থাকায় সাংসদদের ক্ষোভের মুখে সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা মুলতবি ঘোষণা করা হয়েছে। সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ অক্টোবর।

গতকাল সোমবার বেলা পৌনে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা শুরু হয়।

সভার একাধিক সূত্র জানায়, আইনশৃঙ্খলা কমিটির সভায় কমিটির উপদেষ্টা সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হচ্ছিলেন পুলিশের পক্ষে উপস্থিত সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদি হাসান। এতে সাংসদেরা ক্ষোভ প্রকাশ করে আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপারের উপস্থিতি থাকার কথা তুলে ধরেন এবং বলেন, তাঁর উপস্থিতিতেই সভার আলোচনা হওয়া দরকার। একপর্যায়ে সভা মুলতবি ঘোষণা করা হয়।

সাতক্ষীরা-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ এবং সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, সামনে দুর্গাপূজা, দুজন কুখ্যাত যুদ্ধাপরাধীর রায় কার্যকরের মতো বড় একটি বিষয়, অবৈধ যানবাহনবিরোধী অভিযান ও আসামি গ্রেপ্তার—চারটি গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো মূলত পুলিশ সুপারেরই উপস্থাপন করার কথা। কিন্তু তিনি সভায় ছিলেন না। তাঁর প্রতিনিধিও সভায় উঠে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারছিলেন না। তাই সভা স্থগিত করতে বলা হয়েছে।

সভার সভাপতি জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, এসপি সাহেব ছিলেন না, তাই সভা মুলতবি করা হয়েছে। ১৮ অক্টোবর আবার সভা বসবে। তিনি বলেন, ‘এসপি সাহেব আমাকে আগেই বলেছিলেন, সাতক্ষীরায় ডিআইজি মহোদয় রয়েছেন। তাই তিনি আসতে পারবেন না।’

সাতক্ষীরার এসপি চৌধুরী মঞ্জুরুল কবীর এর আগে বিভিন্ন কারণে আইনশৃঙ্খলা কমিটির পরপর তিনটি সভায় অনুপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কথা বলার জন্য এসপিকে ফোন করলেও তিনি ধরেননি।