জেলা পুলিশ সুপার (এসপি) ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাথায় ঘোল ঢেলে তাঁদের মেহেরপুর থেকে বিদায় করে দেওয়ার হুমকি দিয়েছেন গাংনী পৌরসভার মেয়র ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আহম্মদ আলী। গতকাল শুক্রবার উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধা সংসদের সমাবেশে তিনি এ হুমকি দেন। এ ঘটনায় গাংনী ও মেহেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে ত্রিমোনী মোড়ে গতকাল এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মেহেরপুর-১ আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীনও উপস্থিত ছিলেন। তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের কোনো নেতা উপস্থিত ছিলেন না। এ হুমকির ব্যাপারে জানতে চাইলে সাংসদ জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, তিনি এ ধরনের হুমকির কথা শোনেননি। মেয়র আহম্মদ আলী কোনো মন্তব্য করতে চাননি। সমাবেশে মেয়র আহম্মদ আলী অভিযোগ করেন, বিএনপির কর্মীদের হাতে খুন হয়েছেন আওয়ামী লীগের নেতা আজিজুল হক। কিন্তু পুলিশ আসামিদের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ঘুষ নিয়ে তাঁদের গ্রেপ্তার করছে না। পুলিশ চাঁদাবাজি বন্ধ এবং আসামিদের গ্রেপ্তার না করলে তাদের কার্যালয় ঘেরাও করা হবে; মাথায় ঘোল ঢেলে তাদের বিদায় করে দেওয়া হবে। সমাবেশে সাংসদ জয়নাল আবেদীন বলেন, পুলিশ মোটরসাইকেল তল্লাশির নামে চাঁদাবাজি করছে। শহরের ২৫টি স্থানে তল্লাশিচৌকি বসিয়ে মোটরসাইকেল আটক করে চাঁদা আদায় করা হচ্ছে। সাংসদ ও মেয়রের বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক বলেন, পুলিশের বিরুদ্ধে সাংসদসহ সরকারি দলের নেতাদের এমন বক্তব্য পুলিশের স্বাভাবিক কার্যক্রমের জন্য হুমকিস্বরূপ। মেহেরপুরের পুলিশ সুপার মো. শাহরিয়ার বলেন, মেয়র ও সাংসদ পুলিশের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে অনেক অশ্লীল শব্দ ব্যবহার করেছেন, যা খুবই দুঃখজনক। অপরাধীরা অঘটন ঘটিয়ে যাতে দ্রুত পালাতে না পারে, সে জন্য শহরে তল্লাশিচৌকি বসিয়ে পুলিশ লাইসেন্সবিহীন মোটরসাইকেল আটক করে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁরা পুলিশকে অন্যায় কাজে ব্যবহার করতে না পেরে এ ধরনের বক্তব্য দিচ্ছেন। একই ধরনের মন্তব্য করেছেন গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন। তিনি বলেন, অন্যায় কাজের প্রশ্রয় না দেওয়ায় দলের একাংশ পুলিশের বিরুদ্ধে এই সমাবেশ করেছে। গত ২৪ আগস্ট গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মানিকদিয়া গ্রামের আওয়ামী লীগের নেতা আজিজুল হক আহত হন। তাঁকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬ সেপ্টেম্বর তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, কেউ কথা না শুনলে বা কথামতো কাজ না করলেই মেয়র আহম্মদ আলী তাকে মারধর করেন বলে অনেক অভিযোগ রয়েছে। এ ব্যাপারে গত ১২ আগস্ট প্রথম আলোয় ‘তিনি শুধুই মারেন!’ শিরোনামে সংবাদও প্রকাশিত হয়।