এসপি বাবুল আক্তারের গ্রেপ্তার করা জঙ্গি রিমান্ডে
পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যার ১০ দিনের মাথায় প্রথমবারের মতো তাঁর গ্রেপ্তার করা জেএমবির এক সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁর নাম বুলবুল আহমেদ ওরফে ফুয়াদ।
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার একটি হত্যা মামলায় চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ আজ মঙ্গলবার শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।
৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম। ঘটনার পর পুলিশ জানায়, জঙ্গি দমনে বাবুল আক্তারের সাহসী ভূমিকা ছিল। এ কারণে জঙ্গিরা তাঁর স্ত্রীকে খুন করে থাকতে পারে। এ ঘটনায় পরদিন বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে। ঘটনার পর থেকে জঙ্গি দমনে সক্রিয় ভূমিকার কারণে বাবুল আক্তারের স্ত্রীকে জঙ্গিরা খুন করতে পারে—এ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে আসছে পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, গত বছরের ২৫ মে নগরের বাকলিয়া সৎসঙ্গ আশ্রম–সংলগ্ন নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। সূত্রহীন এ মামলা তদন্ত করছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক শেখ এহতেশামুল ইসলাম। নদী থেকে উদ্ধার করা লাশের হত্যার কোনো ক্লু (সূত্র) পাওয়া যায়নি। গুপ্তহত্যার নির্দেশদাতা ও এতে জড়িত থাকতে পারে জেএমবি সদস্য বুলবুল আহমেদ। এ ছাড়া ঘটনার রহস্য উদ্ঘাটন, ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত–সংশ্লিষ্ট পুলিশের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, বুলবুলকে বাকলিয়া থানার একটি হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের জন্য জিজ্ঞাসাবাদ করা হলেও তাঁর কাছ থেকে বাবুল আক্তারের স্ত্রী খুনের রহস্য জানার চেষ্টা করা হবে। গত বছরের ৬ অক্টোবর নগরের কর্ণফুলী থানার খোয়াজ নগর এলাকায় অভিযান চালিয়ে জেএমবি সদস্য বুলবুল আহমেদ ওরফে ফুয়াদসহ পাঁচ জঙ্গিকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করা হয় তৎকালীন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার বাবুল আক্তারের নেতৃত্বে। পরদিন জেএমবি চট্টগ্রামের সামরিক প্রধান জাবেদ ওরফে জায়েদকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে কথিত গ্রেনেড বিস্ফোরণে অক্সিজেন এলাকায় নিহত হন জাবেদ। জাবেদ নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে বাবুল আক্তারের স্ত্রীকে খুন করা হয়েছে কি না, তা জানতে চাওয়া হবে জঙ্গি বুলবুলের কাছে।