এসপি মিজানকে দুদকের দায়মুক্তি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চারজন কর্মকর্তা আলাদাভাবে অনুসন্ধান করেও তাঁর অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাননি। একাধিকবার অনুসন্ধান কর্মকর্তা পরিবর্তন করেও মামলা করার মতো কিছু পায়নি দুদক। তাই অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে বাগেরহাটের সাবেক পুলিশ সুপার (এসপি) ও বর্তমানে পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট মিজানুর রহমানকে অব্যাহতি দিয়েছে দুদক।
গত রোববার কমিশনের দৈনন্দিন সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে দুদকের উচ্চ পর্যায়ের সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে। তবে এ অভিযোগের নথিভুক্তি নিয়ে খোদ কমিশনের ভেতরেই কানাঘুষা চলছে।
দুদক সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে ২০১২ সালে অনুসন্ধান শুরু হয়। উপপরিচালক গোলাম মোরশেদ অনুসন্ধান শুরু করলেও পরে আরেক উপপরিচালক ফজলুল হককে দায়িত্ব দেওয়া হয়। দুজনই মিজানুর রহমানকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে প্রতিবেদন জমা দিলেও কমিশন তা গ্রহণ করেনি। পরে আবার অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় উপপরিচালক হামিদুল হাসানকে। হামিদুল হাসানও অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তির সুপারিশ করেন। এ সুপারিশ অগ্রাহ্য করে উপপরিচালক মো. আব্দুস সোবহানকে পুনঃ অনুসন্ধানের দায়িত্ব দেয় কমিশন।
দুদকে আসা অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১৯৯৪ সালের ২০ জানুয়ারি থেকে ২০১২ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত ১৮ বছরে তিনি কয়েকশ বিঘা স্থাবর সম্পত্তি কিনেছেন। ব্যাংকে তাঁর নগদ অর্থ রয়েছে ১০ কোটি টাকারও বেশি। তাঁর স্ত্রীর নামে লাইসেন্স নেওয়া ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে তিনি জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ বৈধ করেন। এসব রেকর্ডে মিজানের স্ত্রী নীপা মিজানের সংশ্লিষ্টতা থাকায় তাঁকেও জিজ্ঞাসাবাদের অনুমতি চান অনুসন্ধান কর্মকর্তা হামিদুল হাসান। কিন্তু কমিশনের ওপর মহল থেকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। পরে অদৃশ্য ইশারায় অনুসন্ধান নথিভুক্তির সুপারিশ করা হয় প্রতিবেদনে।
সবশেষ অনুসন্ধান কর্মকর্তা মো. আব্দুস সোবহানের অনুসন্ধান চলাকালে নোটিশ ছাড়াই বেশ কয়েকবার এসপি মিজানুর রহমানকে দুদকে আসতে দেখা যায়। এ সময় সাক্ষাৎ করেন দুদকের একাধিক শীর্ষ কর্মকর্তা ও অনুসন্ধান কর্মকর্তার সঙ্গে। ফলস্বরূপ পুনঃ অনুসন্ধান প্রতিবেদনেও তাঁর জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরের পরিবর্তে নথিভুক্তির সুপারিশ আসে।
সূত্র মতে, গত ১৮ মে সোমবার বিকেল ৩টার দিকে এসপি মিজান একটি সরকারি জিপে করে দুদকে আসেন। অবস্থান করেন একজন মহাপরিচালকের কক্ষে। ওই সময় সেকশন থেকে তড়িঘড়ি করে নথিভুক্তির সুপারিশসংবলিত প্রতিবেদনটি আনা হয়। নিজে ওই প্রতিবেদন পড়ে বিকেল ৪টা ৫২ মিনিটে মিজান মহাপরিচালকের কক্ষ ছেড়ে যান।
গত ৩১ মে রোববারও এসপি মিজান ওই মহাপরিচালকের কক্ষে আসেন। পরে সেখান থেকে মিজানের ফাইলটি কমিশনের দৈনন্দিন বৈঠকে উপস্থাপন করা হয়। ওই বৈঠকেই মিজানের অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তির সিদ্ধান্ত দেওয়া হয়।
জানতে চাইলে দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন আজ সোমবার প্রথম আলোকে বলেন, ‘চারবার অনুসন্ধানের পরও তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার মতো তথ্য পাননি অনুসন্ধান কর্মকর্তারা। তাই বিষয়টি নথিভুক্তির সিদ্ধান্ত দেওয়া হয়।’
এর আগে ২০১১ সালে এসপি মিজানের বিরুদ্ধে আরেকটি অভিযোগ অনুসন্ধান করেন দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের তৎকালীন অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম। অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি চাকরিতে থাকা অবস্থায় স্ত্রী নীপা মিজানের নামে ব্যবসা পরিচালনা, ব্যক্তিগত ব্যাংক হিসাবে ব্যবসায়িক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেন অনুসন্ধান কর্মকর্তা। তিনি মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা রুজুর সুপারিশ করলেও মামলা না করে অভিযোগটি নথিভুক্ত হয়ে যায়।