এসপি সুভাষের জামিন বাতিল চেয়েছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুভাষ চন্দ্র সাহা
সুভাষ চন্দ্র সাহা

অর্থ পাচার আইনের মামলায় পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও তাঁর স্ত্রীর জামিন বাতিলের আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ আবেদন করেন।

বিচারক কামরুল হোসেন মোল্লা ১৪ জানুয়ারি এ বিষয়ে শুনানি দিন ধার্য করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামি সুভাষ চন্দ্র সাহা ও তাঁর স্ত্রী রীনা চৌধুরী গত ২৪ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। আজ দুদকের কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন। তাতে বলা হয়, ৮ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৩৬৭ টাকা গোপন করার অভিযোগে দুদক অর্থ পাচার আইনে বংশাল থানায় এ মামলা করে। ওই মামলায় আসামিদের জামিন দেওয়ার আদেশ আইনানুগ হয়নি। 


দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, অর্থ পাচার আইনের মামলায় হাকিম আদালতের জামিন দেওয়ার বিধান নেই। কিন্তু আসামিরা আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। তাই ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, দুদক অনুসন্ধানের মাধ্যমে সুভাষ চন্দ্র সাহা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে ৮ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৩৬৭ টাকার সন্ধান পায়। যার ভিত্তিতে আদালতের মাধ্যমে বিভিন্ন ব্যাংকে তাঁদের নামে থাকা স্থায়ী আমানতের হিসাব অবরুদ্ধ করা হয়। এ অভিযোগে দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে বংশাল থানায় এ মামলা করেন। তাঁদের বিরুদ্ধে অর্থ পাচার প্রতিরোধ আইন-২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।