এসপিকে অপসারণের দাবি করায় গ্রেপ্তার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের পুলিশ সুপারসহ পুলিশের চার কর্মকর্তার অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন করায় গতকাল সোমবার মো. মনিরুজ্জামান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের অভিযোগ পাওয়া গেছে।

মনিরুজ্জামান ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আনোয়ারুল ইসলামের ভাগনে।

অভিযোগ থেকে জানা গেছে, ইসলামপুর উপজেলার দরিয়াবাদ এলাকার আলেয়া বেগমের সঙ্গে আওয়ামী লীগের নেতা আনোয়ারুলের দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিরোধ ছিল।

এতে দুই পক্ষের পাল্টাপাল্টি মামলায় ওই জমির ওপর স্থিতিবস্থা জারি করেন আদালত। তা সত্ত্বেও পুলিশের সহায়তায় ওই জমির দখল নেন আলেয়া বেগম।

এ ঘটনায় আওয়ামী লীগের নেতার পক্ষ থেকে আদালতে পুলিশের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি প্রত্যাহারে চাপ সৃষ্টি করার অভিযোগে গত রোববার জামালপুর জেলা প্রেসক্লাবে আনোয়ারুল সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর ভাগনে মনিরুজ্জামান।

সেখানে জামালপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, ডিবি পুলিশের ওসি মো. কামরুজ্জামান তালুকদার, ইসলামপুর থানার ওসি কাজী সাইদুর রহমান ও ওসি (তদন্ত) মো. মতিউর রহমানকে অপসারণের দাবি জানানো হয়। এর পরদিনই গতকাল মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগের নেতা আনোয়ারুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমার ভাগনে আমার পক্ষে সংবাদ সম্মেলন করায় পুলিশ ক্ষুব্ধ হয়ে তাঁকে গ্রেপ্তার করেছে।’

ওসি কাজী সাইদুর রহমান বলেন, সংবাদ সম্মেলনের জন্য নয়, আদালতে আলেয়া বেগমের দায়ের করা চাঁদাবাজি ও মারপিটের মামলায় মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলন করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে—এটা ঠিক নয়।