এসপিকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি আদেশ অমান্য করার পাশাপাশি নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের পরও পুলিশের একজন সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে মামলা না নেওয়ায় এ নোটিশ দেওয়া হল।

আজ সোমবার বিকেলে পুলিশ সুপারকে (এসপি) পাঠানো কারণ দর্শানোর নোটিশ-সংক্রান্ত এ চিঠিতে ‘কেন তাঁর (এসপির) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা ১০ কর্মদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।’ চিঠিতে স্বাক্ষর করেছেন জ্যেষ্ঠ সহকারী সচিব আশফাকুল নুমান।

চিঠিতে বলা হয়েছে, ২৩ মার্চ উপজেলা নির্বাচনের দিন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ টি এম মাহবুব-উল করিমকে ‘শারীরিকভাবে লাঞ্ছিত, গালিগালাজ ও পিস্তল দেখিয়ে মেরে ফেলার হুমকি’ দেন লৌহজং থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. এমদাদ। তাঁর বিরুদ্ধে ‘সরকারি কাজে বাধা ও নির্বাচনি মালামালসহ প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট’ করার অভিযোগও আনা হয়েছে। ওই এএসআইয়ের বিরুদ্ধে ইউএনও মামলা করতে গেলে মামলা নেয়নি মুন্সিগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান।

চিঠিতে বলা হয়, এ ঘটনাটি (ইউএনওর ওপর হামলা) ‘সরকারি কর্মকর্তার দায়িত্ব পালনে বাধাদানসহ আঘাত করা ফৌজদারি অপরাধসংশ্লিষ্ট। ক্ষতিগ্রস্ত ব্যক্তি সংশ্লিষ্ট আইনের প্রতিকার পাওয়ার অধিকারী বিধায় ঘটনাটির বিষয়ে মামলা রুজু হওয়া আবশ্যক। কিন্তু আপনি (এসপি) মামলা নেওয়ার প্রয়োজনীয় আদেশ মান্য না করে সরকারি আদেশ অমান্য করেছেন এবং একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে স্বাভাবিক আইনের প্রতিকার পাওয়ার অধিকার ক্ষুণ্ন করেছেন।’

নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের মধ্যে বিনিময় করা কয়েকটি চিঠিতে দেখা যায়, ইউএনওকে লাঞ্ছিত করার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নির্দেশই মানেননি পুলিশ সুপার। এএসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৩ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ) নাজিম উদ্দিন চৌধুরী পুলিশ সুপারকে নির্দেশ দেন। ২৪ মার্চ মন্ত্রণালয় চিঠি দিয়ে বিকেলের মধ্যে মামলা করে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেয়। ২৫ মার্চ দুপুরে স্বরাষ্ট্র সচিবের একান্ত সচিব ফিরোজ সরকার মামলা গ্রহণের বিষয়ে পুনরায় কথা বলেন। ২৭ মার্চ মন্ত্রণালয় আবার পুলিশ সুপারকে চিঠি দেন মামলা নিতে। কিন্তু আজ পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা গ্রহণ করা হয়নি।

২৭ মার্চের চিঠিতে এসপিকে বলা হয়, ‘২৩ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ) আপনাকে নির্দেশ দিয়েছেন। ২৫ মার্চ দুপুরে স্বরাষ্ট্রসচিবের একান্ত সচিব পুনরায় কথা বলেন। অদ্যাবধি মন্ত্রণালয় এ বিষয়ে কিছুই অবহিত নয়।’

জেলা প্রশাসকের চিঠিতে এসপির বিরুদ্ধে ২০টি অভিযোগ উত্থাপন করা হয়েছে।

লাঞ্ছিত ইউএনও এম মাহবুব-উল করিম প্রথম আলোকে বলেন, ‘শতাধিক লোকের সামনে আমার গায়ে হাতে তুলেছেন ওই এএসআই। আমি এর বিচার চাই। কিন্তু মামলা নিচ্ছে না।’

এএসআই মো. এমদাদ বলেন, ‘আমার বিরুদ্ধে কিসের ভিত্তিতে মামলা দেবে? পুলিশের তদন্তে আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে।’ তিনি বলেন, ‘ইউএনও স্যারের সঙ্গে আমার কিছুই হয়নি, সে আমাকে পরিচয় দেয়নি, তাই আমি চিনতে পারিনি।’

পুলিশ সুপার হাবিবুর রহমান গত শনিবার সাত দিনের ছুটিতে গেছেন। তাঁর দপ্তরের ও ব্যক্তিগত নম্বরে বারবার যোগাযোগ করা হলেও অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার প্রথম আলোকে বলেন, তিনি সবেমাত্র এসপির দায়িত্ব নিয়েছেন। তাই পুরো বিষয়টি জানেন না। তবে তিনি নিশ্চিত করেন, ওই এএসআইয়ের বিরুদ্ধে এখনো মামলা হয়নি।