চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
এসপির অপসারণে ৭২ ঘণ্টার সময় দিয়েছেন ব্যবসায়ীরা
পুলিশ সুপার (এসপি) মো. নিজাম উদ্দিনের অপসারণের দাবিতে চুয়াডাঙ্গায় ব্যবসাপ্রতিষ্ঠানে লাগাতার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে এসপিকে অপসারণের জন্য গতকাল সোমবার নতুন করে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে জেলা দোকান মালিক সমিতি। দাবি পূরণ না হলে ঈদের পর বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সমিতি।
গতকাল বিকেল পাঁচটায় সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ধর্মঘট প্রত্যাহার করে নতুন কর্মসূচি ঘোষণা করেন। এর আগে সংগঠনের নেতারা জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দারের সঙ্গে তাঁর কবরী রোডের বাসভবনে বৈঠক করেন। বৈঠকে জেলা প্রশাসক মো. জিয়াউদ্দীন আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
ইবরুল হাসান জোয়ার্দ্দার বলেন, গত রোববার দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সময় দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এসপি। কিন্তু সভাপতিসহ তিনজনকে আটক করা হয়। যার পরিপ্রেক্ষিতে ওই দিন থেকে ব্যবসাপ্রতিষ্ঠানে লাগাতার ধর্মঘট শুরু হয়।
ইবরুল বলেন, ‘হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার আমাদের ডেকেছিলেন। তাঁকে বলেছি, আমরা পুলিশ সুপারের অপসারণ চাই। হুইপ বলেছেন, রোজা ও ঈদের কারণে দোকান খুলে দেন। ঈদের পর তিনি বিষয়টি দেখবেন। আমরা হুইপের প্রতি সম্মান দেখিয়ে ধর্মঘট তুলে নিচ্ছি। তবে ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ সুপারের অপসারণ দাবি করছি। তা না হলে ঈদের পর বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।’
এদিকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে মাইকে প্রচার করা হয়। বিকেল থেকে জেলা শহরের সব বিপণিবিতানসহ ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে শুরু করে।
এর আগে গতকাল দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে দোকান মালিক সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সমিতির সাধারণ সম্পাদক লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এ সময় সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার, জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল কাদেরসহ নেতারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। লিখিত বক্তব্য উল্লেখ করা হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় চেম্বার এবং দোকান মালিক সমিতির প্রতিনিধি উপস্থিত থাকার বিধান থাকলেও রোববার তা মানা হয়নি। প্রশাসন এককভাবে আদালত পরিচালনা করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ সুপার কর্তৃক সমিতির সভাপতি লাঞ্ছিত হওয়ায় বিক্ষুব্ধ ব্যবসায়ীদের দাবির মুখে তাঁর অপসারণের দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে লাগাতার ধর্মঘট আহ্বান করা হয়েছে। এই দাবি পূরণ না হলে ভবিষ্যতে সহযোগী অন্য ব্যবসায়ী সংগঠনকে নিয়ে ঈদের পর বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
এ সম্পর্কে এসপি বলেন, ওই ঘটনার পর রোববারই সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছিল। কিন্তু তৃতীয় পক্ষের প্ররোচনায় তাঁরা আন্দোলন শুরু করেছেন। অপসারণের দাবি প্রসঙ্গে তিনি বলেন, তিনি সরকারি কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
জেলা প্রশাসক মো. জিয়াউদ্দীন আহমেদ বলেন, প্রশাসনের পক্ষ থেকে দোকান মালিক সমিতির নেতাদের আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল। হুইপের সঙ্গে তাঁর বাড়িতে প্রশাসন ও দোকান মালিক সমিতির নেতাদের বৈঠক হয়েছে। ধর্মঘট প্রত্যাহারের মধ্য দিয়ে সমস্যার শান্তিপূর্ণ সমাধান হয়েছে।