এসপির খোয়া যাওয়া মোবাইল ফোনসহ ছাত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের (এসপি) খোয়া যাওয়া মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। হাটহাজারী মাদ্রাসার ছাত্র মুসলেহ উদ্দীনের (২০) কক্সবাজারের মহেশখালী উপজেলার জাগিরাঘোনার গ্রামের বাড়ি থেকে গত শনিবার রাতে ওই মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। এ সময় তাঁকেও গ্রেপ্তার করা হয়।জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি রাতে পুলিশের ওপর মাদ্রাসাছাত্রদের হামলার একপর্যায়ে পুলিশ সুপার মো. জেড এ মোরশেদের মোবাইল ফোনসেটটি খোয়া যায়। মোসলেহ উদ্দীনকে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এর আগে গতকাল দুপুরে মোসলেহ উদ্দীন আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে স্বীকার করেন, ২৪ ফেব্রুয়ারি পুলিশ ও ছাত্রদের মধ্যে সংঘর্ষের সময় তিনি এসপির মোবাইল ফোনসেটটি ছিনিয়ে নেন। এ কাজে তাঁর সঙ্গে আরও সাতজন ছিলেন। তাঁদের নামও মোসলেহ উদ্দীন পুলিশের কাছে প্রকাশ করেন। তিনি স্থানীয়দের বলেছিলেন, এ মোবাইল ফোনসেটটি তাঁর বাবা বিদেশ থেকে তাঁর জন্য পাঠিয়েছেন। পুলিশ সূত্র জানায়, গত ২৪ ফেব্রুয়ারি রাতে পুলিশের ওপর মাদ্রাসাছাত্রদের হামলার একপর্যায়ে পুলিশ সুপারের কাছ থেকে মোবাইল ফোনসেটটি কেড়ে নেওয়া হয়। এর আগে হামলাকারীরা পিটিয়ে পুলিশ সুপারের দেহরক্ষী আবদুস সালামের মাথা ফাটিয়ে দেয়। পরে তারা তার গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করলে চালক দ্রুত গাড়িটি চালিয়ে রাউজানের দিকে চলে যান। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা আনোয়ার হোসেন নামে এক পুলিশ সদস্যের মাথা ইট দিয়ে থেঁতলে দেয়। তাঁর মাথায় ২৮টি সেলাই দেওয়া হয়। হামলাকারীরা ২০টি গুলিসহ আনোয়ারের রাইফেল ছিনিয়ে নেয়। পরে ১০টি গুলিসহ রাইফেল ফেরত দেওয়া হয়। তবে বাকি ১০টি গুলি এখনো উদ্ধার করা যায়নি।ওই দিন পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় হাটহাজারী থানায় দুটি মামলা হয়। এ দুই মামলার আসামি হিসেবে মোসলেহ উদ্দীনকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানা গেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমেনা বেগম প্রথম আলোকে বলেন, মোসলেহ উদ্দীন আদালাতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তিনি পুলিশ সুপারের মোবাইল ফোনসেট ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেন এবং এ ঘটনায় তাঁর সহযোগী হিসেবে সাতজনের নাম বলেন। ওই সাতজনকে গ্রেপ্তারের চেষ্টা চলেছ।