নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভায় গতকাল বুধবার বেলা দুইটার দিকে নবাগত পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম ঘোষণা দেন, জেলার সর্বত্র শাহবাগ সৃষ্টির লক্ষ্যে জনব্রিগেড তৈরি করতে হবে। নারায়ণগঞ্জের মাটিতে জামায়াত-শিবিরের আস্তানা গড়তে দেওয়া হবে না।এসপির এই ঘোষণার এক ঘণ্টা পর বেলা তিনটায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা শহরের জামতলা মোড় থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে জঙ্গি মিছিল বের করেন।মিছিল থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াতের অন্য নেতাদের মুক্তির দাবিতে নানা স্লোগান দেওয়া হয় এবং শাহবাগের তরুণ প্রজন্মের আন্দোলনের উদ্যোক্তা ব্লগারদের মুরতাদ ঘোষণা করে তাঁদের ফাঁসি দাবি করা হয়। মিছিলটি মাসদাইর ঈদগাহর সামনে গিয়ে শেষ হয়। সেখানে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে ১০ মিনিট সমাবেশ করেন শিবিরের নেতা-কর্মীরা।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, বিষয়টি তাঁর জানা নেই। সেখানে পুলিশের দুটি দল ছিল। তার পরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভা: জেলার পাঁচজন সাংসদের অনুপস্থিতিতে দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভা শুরু হয়। জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসানুল মতিন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বিশ্বাস, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শহীদুল্লাহ।সভায় আওয়ামী লীগের নেতা মো. শহীদুল্লাহ অভিযোগ করেন, শহরের উত্তর চাষাঢ়ার বাসিন্দা নুরুল ইসলাম ১৯৯৬ সালে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে নির্বাচন করেন। তাঁর ভগ্নিপতি শফিক আহম্মেদ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা আলী আহসান মোহামঞ্চাদ মুজাহিদের ব্যক্তিগত সচিব। শফিক ফতুল্লার কায়েমপুরে শহীদ তিতুমীর একাডেমীর নামে জামায়াত-শিবিরের কর্মকাণ্ড পরিচালনা করছেন। কিন্তু পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সেদিকে নজর দিচ্ছে না। ১৯৭৭ সালে ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের কর্মকাণ্ড শুরু হয়। আলী আহসান মুজাহিদ তখন থেকেই ওই সোসাইটি ও নারায়ণগঞ্জের আদর্শ স্কুলের সঙ্গে সম্পৃক্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত ইসলামিক সোসাইটির নামে জামায়াত-শিবিরের কারা কারা জড়িত, সে ব্যাপারে খোঁজ-খবর নেওয়া। নারায়ণগঞ্জ মডেল কলেজেও জামায়াত-শিবিরের ঘাঁটি রয়েছে।ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জ থেকে মুজাহিদের সদস্য পদ বাতিলের জন্য সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানান শহীদুল্লাহ।নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনৈতিক অবস্থান থাকতে পারে না।সব শেষে জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কাউকে ছাড় দেবে না।