এসপির ভাইয়ের কাছ থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের কয়ানিজপাড়া মহল্লা থেকে গতকাল শনিবার দুপুরে পুলিশ সুপারের (এসপি) ছোট ভাই জামাল উদ্দিনের (৪০) কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সৈয়দপুর থানা সূত্রে জানা গেছে, যশোরের নওয়াপাড়ার জয়েন্ট ট্রেডিং কোম্পানির বিপণন কর্মকর্তা (মার্কেটিং অফিসার) ইমরুল হোসেনের ওই মোটরসাইকেলটি সৈয়দপুর প্লাজা মার্কেট থেকে ২০১০ সালের ১৭ জুন চুরি হয়। পরে তিনি সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। হাবিলদার মোস্তাক আহমেদের সন্দেহ হলে তিনি পুলিশ সুপারের ভাই জামাল উদ্দিনকে চ্যালেঞ্জ করেন। জামাল স্বীকার করেন, ৫০ হাজার টাকায় দিনাজপুরের বালুবাড়ী মহল্লার নূর ইসলামের কাছ থেকে এক বছর আগে তিনি মোটরসাইকেলটি কিনেছেন। পরে তিনি জানতে পারেন এটা চোরাই। জামাল উদ্দিন বলেন, ‘আমি অন্যায় করেছি চোরাই মোটরসাইকেলটি কিনে। পরিবারের অনেকেই মোটরসাইকেলটি থানায় জমা দিতে বলেছিলেন। খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার আবু কালাম সিদ্দিকী আমার ভাই।’সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। চোরাই মোটরসাইকেল রাখার অপরাধে জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।