এসপির সহায়তায় নতুন জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর কারাগার থেকে মুক্তির পর গতকাল এসপি নজরুল ইসলামের সঙ্গে শাহীন মিয়া (ডানে)। পাশে মেয়েকে জড়িয়ে কাঁদছেন সজনী ।  ছবি: সংগৃহীত
জামালপুর কারাগার থেকে মুক্তির পর গতকাল এসপি নজরুল ইসলামের সঙ্গে শাহীন মিয়া (ডানে)। পাশে মেয়েকে জড়িয়ে কাঁদছেন সজনী । ছবি: সংগৃহীত

গুম ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া জামালপুরের শাহীন-সজনী দম্পতি সাড়ে ছয় মাস পর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে উচ্চ আদালতের নির্দেশে গতকাল রোববার মুক্তি পান তাঁরা।
গতকাল বেলা তিনটায় কারাগার থেকে বের হয়েই শাহীন মিয়া (৩৭) ও সাহেরা বেগম সজনী (৩৪) কান্নায় ভেঙে পড়েন। তাঁরা জামালপুরের পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলামকে সালাম করেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সেখানে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। সজনী বলেন, ‘আমরা নির্দোষ হয়েও জেলখানায় ছিলাম। কোনো দিন ভাবি নাই এভাবে মুক্তি পামু। আমাদের বাঁচার কোনো পথ ছিল না। উনার (এসপির) সহযোগিতা ছাড়া আমাদের মুক্তি পাওয়া সম্ভব ছিল না। এই ঋণ কোনো দিন শোধ করতে পারব না।’
গৃহপরিচারিকাকে গুম ও হত্যার দায়ে মৌলভীবাজারের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত ২০০৭ সালে জামালপুরের এই দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেই পরোয়ানার সূত্র ধরে গত বছরের জুলাইয়ে তাঁদের আটক করা হয়। সেই থেকে তাঁরা জামালপুর কারাগারেই ছিলেন। গত ১১ নভেম্বর কারাগারে যান এসপি নজরুল। তখন সজনী তাঁকে ধরে বসেন। তাঁরা নির্দোষ হয়েও যে কারাভোগ করছেন, সে কথা জানান এসপিকে। এরপর নজরুল অনুসন্ধান চালিয়ে হবিগঞ্জের বাহুবলে লুকিয়ে থাকা গৃহপরিচারিকা লাকীর সন্ধান পান। পরে লাকী ও তাঁর বাবাকে আটক করেন। আটক হওয়ার পর লাকী স্বীকার করেন, সবার অজান্তে তিনি ওই দম্পতির বাসা থেকে পালিয়ে গিয়েছিলেন। এ নিয়ে গত বছরের ২৬ নভেম্বর প্রথম আলোর বিশাল বাংলায় ‘জীবনের সুবাস পাচ্ছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দম্পতি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এসপি নজরুল ইসলাম বলেন, ‘আমরা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে মামলার ভিকটিম যাঁকে গুম করা হয়েছে, প্রকৃতপক্ষে তিনি গুম হননি। আসামিরা যে সম্পূর্ণভাবে নির্দোষ এবং বিনা অপরাধে দণ্ড ভোগ করছেন, আমার তার প্রমাণ হাজির করতে পারায় মহামান্য আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছেন।’