এসপির স্ত্রী খুন: ফের শাহজাহানের রিমান্ড মঞ্জুর
পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যায় সরাসরি অংশ নেওয়া মো. শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ আজ বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত রোববার রাত থেকে তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে নগর গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, মাহমুদা হত্যা মামলার আসামি মো. শাহজাহানকে তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। এই মামলায় তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, শাহজাহান মাহমুদা হত্যায় সরাসরি অংশ নিয়েছেন। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজে এটি রয়েছে। তিনি মামলার একজন গুরুত্বপূর্ণ আসামি। হত্যাকাণ্ডে আর কারা অংশ নিয়েছে, কার নির্দেশে তাঁরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন—এসব বিষয় শাহজাহানের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে। প্রথম দফায় তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে আলোচিত এই মামলার বেশ কিছু তথ্যের প্রয়োজন। এ জন্য দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা বলেন, শাহজাহানের রিমান্ড শেষ হওয়ার পর আসামি এহতেশামুল হক ওরফে ভোলা (অস্ত্র সরবরাহকারী) ও মুছার (হত্যার পরিকল্পনাকারী) ভাই সাইদুল শিকদার ওরফে সাকুকে জিজ্ঞাসাবাদ করতে কারাগার থেকে আনা হবে। ১৭ জুলাই তাঁদের তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি ওয়াসিম ও আনোয়ার ২৬ জুন চট্টগ্রাম আদালতে জবানবন্দি দেন। এতে তাঁরা উল্লেখ করেন, হত্যাকাণ্ডে ওয়াসিম, আনোয়ার, মো. রাশেদ, নবী, মো. শাহজাহান, কামরুল সিকদার ওরফে মুছা ও মো. কালু অংশ নেন। তাঁদের মধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে ছিলেন ওয়াসিম, মুছা ও নবী। মাহমুদাকে ছুরিকাঘাত করেন নবী। ভোলা অস্ত্র সরবরাহ করেন।
আসামিদের মধ্যে নবী ও রাশেদ ৫ জুলাই ভোরে রাঙ্গুনিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। আর মুছাকে ২২ জুন বন্দর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে দাবি করে আসছেন তাঁর স্ত্রী পান্না আক্তার। তবে পুলিশ তা অস্বীকার করে বলছে, মুছাকে খোঁজা হচ্ছে। পলাতক রয়েছেন আসামি কালু।