এসপির স্ত্রী হত্যায় দুজনের সাত দিন করে রিমান্ড
পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী খুনের মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দুই আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন আবু নছর ওরফে গুন্নু ও শাহ জামান ওরফে রবিন।
আজ রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মো. হারনুর রশিদ শুনানি শেষে এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মেলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলায় দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন করে নগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম। হত্যাকারীরা মোটরসাইকেলে এসেছিল। ঘটনার পর পুলিশ জানায়, জঙ্গি দমনে বাবুল আক্তারের সাহসী ভূমিকা ছিল। এ কারণে জঙ্গিরা তাঁর স্ত্রীকে খুন করে থাকতে পারে। এ ঘটনায় পরদিন বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন।
এ ঘটনায় গতকাল সকালে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শীতলঝর্ণা এলাকা থেকে শাহ জামান ওরফে রবিন (২৮) নামের এক যুবককে আটক করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ঘটনার মূল হোতা হতে পারেন বলে পুলিশ ধারণা করছে। এর আগে এ ঘটনায় জড়িত সন্দেহে আবু নছর ওরফে গুন্নু নামে শিবিরের সাবেক এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের পেছনে থাকা গাড়িটি জব্দ ও এর চালককে আটক করে পুলিশ। তবে চালক জানে আলমকে জিজ্ঞাসাবাদ করে শেষে ছেড়ে দেওয়া হয়েছে।