এসপির স্ত্রীকে হত্যার 'মূল হোতা' আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যার ঘটনায় মো. শাহজাহান ওরফে রবিন (২৮) নামের এই যুবককে আটক করেছে পুলিশ। ছবি: ভিডিও ফুটেজ থেকে নেওয়া
পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যার ঘটনায় মো. শাহজাহান ওরফে রবিন (২৮) নামের এই যুবককে আটক করেছে পুলিশ। ছবি: ভিডিও ফুটেজ থেকে নেওয়া

এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যার ঘটনায় শাহজাহান ওরফে রবিন নামের এক যুবককে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি এ ঘটনার ‘মূল হোতা’।

আজ শনিবার নগর পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার এ তথ্য জানান। তিনি বলেন, আজ সকালে বায়েজিদ বোস্তামী থানার শীতল ঝরনা এলাকা থেকে এই যুবককে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়। ঘটনার সময় ঘটনাস্থলের পাশেই তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। তিনি ঘটনার ‘মূল হোতা’ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গত রোববার সকাল সাতটায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম। ঘটনার পর পুলিশ জানায়, জঙ্গি দমনে বাবুল আক্তারের সাহসী ভূমিকা ছিল। এ কারণে জঙ্গিরা তাঁর স্ত্রীকে খুন করে থাকতে পারে। হত্যার পর রাতে পাঁচলাইশ থানার এক এসআইকে দিয়ে পুলিশের পক্ষ থেকে প্রথমে মামলার করার সিদ্ধান্ত হলেও গত সোমবার বাবুল আক্তার নিজে বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় শিবিরের সাবেক এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার কাজে ব্যবহৃত মোটরসাইকেলের পেছনে থাকা মাইক্রোবাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।