এসপির স্ত্রীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গোপালগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) সরদার রোকনুজ্জামানের স্ত্রী চুমকি বেগমের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ২২ আগস্ট মামলাটি করেন গৃহকর্মী পারভিনের বাবা শাবান আলী ফকির।পল্টন থানার পুলিশ জানায়, মামলায় শাবান আলী অভিযোগ করেন, চার মাস আগে তাঁর মেয়ে পারভিন পূর্বপরিচিত মানেকা নামে এক মহিলার মাধ্যমে এক হাজার টাকা বেতনে পুলিশ কর্মকর্তার ঢাকার বাসায় কাজ নেয়। তবে কাজ নেওয়ার পর থেকে তিনি মেয়ের খোঁজ নিতে যাননি। তিনি গত ১৭ আগস্ট স্ত্রীকে নিয়ে জোনাকি পুলিশ স্টাফ কোয়ার্টারে ওই কর্মকর্তার বাসায় যান। সেখানে গিয়ে দেখেন তাঁর মেয়ে ভীষণ অসুস্থ, শরীরে নির্যাতনের চিহ্ন। এর কারণ জানতে চাইলে পুলিশ কর্মকর্তার স্ত্রী কোনো উত্তর দিতে পারেননি। এরপর শাবান আলী মেয়েকে প্রথমে ন্যাশনাল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। পরে তিনি থানায় এসে অভিযোগ করেন।জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক প্রথম আলোকে বলেন, ঘটনার পর পুলিশ কর্মকর্তার স্ত্রী বাড়ি থেকে গোপালগঞ্জে স্বামীর কর্মস্থলে গেছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য গোপালগঞ্জ সদর থানায় চাহিদাপত্র পাঠানো হয়েছে।