এসপির হাবিবুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ থেকে প্রত্যাহার হওয়া আলোচিত পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে তাঁর স্ত্রীর করা যৌতুক ও নির্যাতনের অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার দুপুরে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক বজলুর রহমান এই আদেশ দেন।

মামলায় হাবিবুর রহমান ছাড়াও তাঁর বাবা ইব্রাহিম হাওলাদার, বড় ভাই আবু হানিফ, বোনের স্বামী আমিনুল ইসলাম, জহিরুল ইসলাম ও বোন আমেনা বেগমকে আসামি করা হয়। আদালত তাঁদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলায় অভিযোগ করা হয়, চাকরিতে যোগদানের সময়ও স্ত্রী হালিমা আক্তারের বাবার কাছ থেকে তিন লাখ টাকা যৌতুক হিসেবে নিয়েছিলেন হাবিবুর রহমান। এ ছাড়া বিভিন্ন সময় টাকার জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। সর্বশেষ মুন্সিগঞ্জ পুলিশ সুপারের পদ থেকে প্রত্যাহার করার পর চাকরিতে পুনর্বহালের জন্য তাঁর ৩০ লাখ টাকা দরকার বলে স্ত্রীকে জানান। এর মধ্যে ১০ লাখ টাকা যৌতুক হিসেবে বাবার বাড়ি থেকে এনে দেওয়ার জন্য তাঁকে চাপ দিতে থাকেন ।

মামলায় উল্লেখ করা হয়, গত ১১ জুলাই হালিমার বাবা শামসুল হক মেয়ের বাড়ি বেড়াতে যান । ওই দিন শ্বশুরের কাছে ১০ লাখ টাকা দাবি করেন হাবিবুর রহমান। কিন্তু তিনি অপারগতা জানালে হালিমাকে বাবার সামনেই মারধর করেন। একপর্যায়ে স্ত্রীকে ঘর থেকে বেরও করে দেন হাবিবুর ।

হালিমার সঙ্গে হাবিবুরের বিয়ে হয় ২০০০ সালে। হাবিবুরের বাড়ি বরগুনার তালতলী উপজেলার ছোট বগী ইউনিয়নে। আর হালিমার বাড়ি পাশের উপজেলা আমতলীতে ।

আদালত সূত্র জানায়, গত ২৩ সেপ্টেম্বর হাবিবুর রহমানের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে বরগুনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা করেন। বিচারক বজলুর রহমান মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য বরগুনা সদর উপজেলা বিচারিক হাকিম নোমান মইনুদ্দিনকে দায়িত্ব দেন। ৫ জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে তিনি আদালতে প্রতিবেদন জমা দেন। আজ ওই প্রতিবেদনের বিরুদ্ধে হালিমা বেগম আদালতে নারাজি আবেদন করলে বিচারক তা আমলে নিয়ে হাবিবুর রহমানসহ ছয় আসামির বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

হাবিবুর রহমান এর আগে মুন্সিগঞ্জে পুলিশ সুপারের (এসপি) দায়িত্বে ছিলেন। গত এপ্রিল মাসে তাঁকে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়। সরকারি আদেশ না মানা ও অসদাচরণের অভিযোগে এর আগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয় । হাবিবুর বর্তমানে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত আছেন।

মুন্সিগঞ্জ থেকে প্রত্যাহার, বিভাগীয় মামলা: মুন্সিগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব পালনের সময় হাবিবুর রহমানের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করার অভিযোগ ওঠে। এ ঘটনায় তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয় ।

হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২২ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ টি এম মাহবুব-উল করিমকে শারীরিকভাবে লাঞ্ছিত, গালিগালাজ ও পিস্তল দেখিয়ে মেরে ফেলার হুমকি দেন লৌহজং থানার এএসআই মো. এমদাদ। তাঁর বিরুদ্ধে ‘সরকারি কাজে বাধা, নির্বাচনী মালামালসহ প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট করার অভিযোগ আনা হয়। এ ঘটনায় ওই এসআইয়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ সত্ত্বেও মামলা নেননি পুলিশ সুপার হাবিবুর রহমান ।

অভিযোগ প্রসঙ্গে জানার জন্য আজ হাবিবুর রহমানকে মোবাইলে ফোন দেওয়া হলে তিনি ফোন ধরে এই প্রতিবেদকের পরিচয় জানার পর সংযোগ কেটে দেন। পরে বেশ কয়েকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।

প্রসঙ্গত, গত বছরের ২৪ সেপ্টেম্বর প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘পুলিশ কর্তার বিরুদ্ধে স্ত্রীর মামলা, “ঘুষ” দিতে যৌতুক দাবি!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।