এসপিসহ আটজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেআইনিভাবে আটক, ভয় দেখিয়ে ঘুষ আদায় ও নির্যাতনের অভিযোগে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার, দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আটজনের বিরুদ্ধে রোববার বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা হয়েছে।জেলার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের বাসিন্দা মো. মোফাচ্ছেল হক মামলাটি দায়ের করেন। বিচারক মামলাটি গ্রহণ করে ওই দিনই তা মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠান। মুখ্য বিচারিক হাকিম মইনুল ইসলাম মঙ্গলবার বিকেলে মামলাটি বিচার বিভাগীয় তদন্তের জন্য আদেশ দেন।মামলার অভিযুক্ত ব্যক্তিরা হলেন পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবির, সদর থানার ওসি জাকির হোসেন ফকির, তালতলী থানার ওসি শামসুল হক, উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হানিফ ও খায়রুজ্জামান এবং তালতলীর ছোটবগী ইউপির চেয়ারম্যান মনিরুজ্জামান ও তাঁর বাবা কামরুজ্জামান খালেক।মামলার আরজিতে উল্লেখ করা হয়, গত ৮ মার্চ অনুষ্ঠিত তালতলী উপজেলার ছোটবগী ইউপি নির্বাচনের জের ধরে প্রতিপক্ষরা তাঁকে হয়রানি করার জন্য নানাভাবে অপচেষ্টা চালায়। এর জের ধরে তালতলী থানার ওসি সামসুল হক, এএসআই মো. হানিফ ও খায়রুজ্জামান তাঁকে ২৫ মার্চ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে পুলিশ সুপার এনামুল কবির ও সদর থানার ওসি জাকির হোসেনের নির্দেশে তালতলী থানার পুলিশ ২৭ মার্চ তাঁকে পিছমোড়া করে বেঁধে হাতে রশিসহ হ্যান্ডকাফ লাগিয়ে সদর থানায় আনেন। এরপর সদর থানার এসআই সাইদুজ্জামান ও আরেকজন কনস্টেবল তাঁকে বেধড়ক পেটান। এ সময় হত্যা মামলায় জড়িয়ে ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে আসামিরা তাঁর পরিবারের কাছ থেকে ৩০ হাজার এবং মামলার সাক্ষী মো. ছগির ও স্বপন মৃধার কাছ থেকে আরও ৫০ হাজার টাকা আদায় করে। পরে ওই দিন বিকেল সাড়ে তিনটায় সদর থানার একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করে পুলিশ। পুলিশ বেআইনিভাবে তাঁকে ৫৩ ঘণ্টা থানাহাজতে আটক করে রাখে এবং বিনা অপরাধে নির্যাতন করে। পাশাপাশি ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে।মামলার বাদী মো. মোফাচ্ছেল হক মঙ্গলবার বিকেলে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলনে অভিযোগ করেন, মামলা দায়ের করার পর থেকে আসামিরা বিভিন্নভাবে তাঁকে ভয়ভীতি দেখাচ্ছে এবং দেশের বিভিন্ন থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি দিচ্ছে।সদর থানার ওসি জাকির হোসেন ফকির বলেন, বরগুনা থানার একটি জিআর মামলার আসামি হিসেবে তালতলী থানার পুলিশ মো. মোফাচ্ছেল হককে গ্রেপ্তার করে। তালতলী থানা থেকে বরগুনা থানায় আনার পরপরই ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। বরগুনার পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) এনামুল কবির বলেন, ‘মামলা দায়েরের কথা আমি শুনেছি। তবে এ-সংক্রান্ত কাগজপত্র হাতে পাইনি। যেসব অভিযোগ আনা হয়েছে, এর সত্যতা নেই। বিষয়টি নিয়ে আমি জেলা জজের সঙ্গে কথা বলেছি।’