এসপিসহ চার কর্মকর্তাকে প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় আইনজীবী মাইনুল ইসলাম তালুকদারকে থানায় নিয়ে ‘নির্যাতনের’ তীব্র নিন্দা জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। গতকাল মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতির কার্যালয়ে জরুরি সভায় এ নিন্দা জানানো হয়। একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ সুপারসহ (এসপি) চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানানো হয়।
এ বিষয়ে সমিতির সভাপতি আবদুল মোতালেব মিয়া গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, এসপি বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় ও উপপরিদর্শক (এসআই) মো. আরিফকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে লাগাতার আন্দোলন করা হবে। এ ছাড়া পুলিশি নির্যাতনের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভার কার্যবিবরণী (রেজ্যুলেশন) রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইনজীবী মাইনুল (২৮) গতকাল বিকেল চারটার দিকে প্রথম আলোর কাছে অভিযোগ করেন, আমতলী উপজেলার ঘটখালী এলাকায় পয়লা মে রাতে তাঁর ভাই আহসান হাবিবের মোটরসাইকেলের সঙ্গে অন্য একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁর ভাই গুরুতর আহত হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তিনি খবর পেয়ে ভাইকে দেখতে সেখানে যান। অপর মোটরসাইকেলের চালক স্থানীয় একটি পত্রিকার প্রতিবেদক অপু রায়ও সেখানে ছিলেন। একপর্যায়ে অপু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি আটকানোর চেষ্টা করেন। এতে এসআই আরিফ ও কয়েকজন কনস্টেবল বাধা দেন। এ নিয়ে তাঁর সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। পরে তাঁকে আটক করে আমতলী থানায় নেওয়া হয়। সেখানে রাতভর ওসি পুলক চন্দ্র রায় ও এসআই আরিফ দফায় দফায় তাঁর ওপর শারীরিক নির্যাতন করেন।
অপু রায় বলেন, ওই দুর্ঘটনায় তিনিও আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হয়। তখন ওই আইনজীবী তাঁকে টেনেহিঁচড়ে নামিয়ে আনার চেষ্টা করেন।
গত সোমবার বিকেলে আইনজীবী মাইনুলকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। সেখানে জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। পরে মাইনুলকে তাঁর স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা সহকারী গৌরাঙ্গ হাজরা বলেন, মাইনুলের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আমতলী থানার ওসি পুলক চন্দ্র বলেন, ‘মারধরের অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। বরং ওই আইনজীবী ও তাঁর সঙ্গে থাকা লোকজন আমার থানার এসআই আরিফ ও কয়েকজন কনস্টেবলকে মারধর করেছেন; ওয়্যারলেস সেট কেড়ে নিয়ে ভেঙে ফেলেছেন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁকে (মাইনুল) গ্রেপ্তার করার সময় সামান্য আহত হয়ে থাকতে পারেন।
এসপি বিজয় বসাক গতকাল দুপুরে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আইনজীবী সমিতির সভার সিদ্ধান্তগুলো আমি শুনেছি। তবে প্রকৃতপক্ষে কী ঘটেছিল এবং কারা দোষী, সেটা নিরপেক্ষভাবে গণমাধ্যমকর্মী ও সব পক্ষের দেখা উচিত।’