এসপিসহ তিনজনকে আদালতে হাজির হতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর থানায় এক যুবককে নির্যাতনের ঘটনায় জেলার পুলিশ সুপার (এসপি), ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মুছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে তলব করেছেন হাইকোর্ট। ৩ আগস্ট তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে।গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন। একই সঙ্গে ওই ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার, বন্দর থানার ওসি ও মুছাপুর ইউপি চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।প্রসঙ্গত, ২০ জুলাই একটি দৈনিকে ‘প্রেম করে বিয়ে...’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বন্দর থানার মুছাপুরে প্রেম করে বিয়ের অভিযোগে এক যুবককে নির্যাতন করা হয়।এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।