
বরগুনার আমতলী থানা হেফাজতে আইনজীবীকে রাতভর নির্যাতনের অভিযোগে জেলা পুলিশ সুপারসহ (এসপি) পাঁচজনের বিরুদ্ধে গতকাল বুধবার মামলা হয়েছে। এদিকে নির্যাতনের প্রতিবাদে গতকাল জেলা শহর ও পাথরঘাটা উপজেলায় মানববন্ধন করেছেন আইনজীবীরা।
পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য মাইনুল আহসান তালুকদারকে ১ মে আমতলী থানায় নিয়ে রাতভর নির্যাতন করার অভিযোগ ওঠে। এ ঘটনায় তিনি গতকাল দুপুরে আমতলী উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন। এতে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় এবং উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান ও মনির হোসেনকে বিবাদী করা হয়। আদালতের বিচারক বৈজন্ত বিশ্বাস ১১ মে মামলাটির গ্রহণযোগ্যতা শুনানির দিন ধার্য করেন বলে আদালত সূত্র জানায়।
নির্যাতনের ঘটনার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির সদস্যরা গতকাল জেলা জজ আদালতের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন। সমাবেশে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাহাদুর, জ্যেষ্ঠ আইনজীবী মো. শাহজাহান প্রমুখ বক্তৃতা করেন। পাশাপাশি তাঁরা এক ঘণ্টা কর্মবিরতিও পালন করেন। ৮ মে পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।
একইভাবে আমতলীতেও গতকাল মানববন্ধন করেন স্থানীয় আইনজীবীরা। দুপুর ১২টায় পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ছাড়া গতকাল থেকে তিন কার্যদিবসে সকাল ১০টা থেকে আধা ঘণ্টা কলমবিরতি ও কালোব্যাজ ধারণের কর্মসূচি দিয়েছেন স্থানীয় আইনজীবীরা।
আমতলী উপজেলার ঘটখালী এলাকায় ১ মে রাতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হন বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য মাইনুল আহসান তালুকদারের ভাই আহসান হাবিব। তাঁকে দেখতে সেখানে যান মাইনুল।
আইনজীবী মাইনুলের অভিযোগ, একই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া অপর মোটরসাইকেলের আহত চালক ও বরিশালের স্থানীয় একটি পত্রিকার প্রতিবেদক অপু রায় একপর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁকে আটকাতে গেলে আমতলী থানার এসআই আরিফসহ কয়েকজন পুলিশ বাধা দেন। এ নিয়ে পুলিশের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়।
তবে সাংবাদিক অপুর দাবি, অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা তাঁকে বরিশালে স্থানান্তরের পরামর্শ দেন। এরপর অ্যাম্বুলেন্সে করে যেতে গেলে তাঁকে বাধা দেন আইনজীবী মাইনুল।