সংসদে প্রশ্নোত্তর : স্বরাষ্ট্রমন্ত্রী বললেন
এসব জঙ্গির উত্থান দেশেই আইএসের সঙ্গে সম্পৃক্ত নয়
চাপাতি দিয়ে হত্যাকারী জঙ্গির উত্থান দেশেই এবং তারা আইএসের সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সোমবার সংসদে সরকারি দলের পঙ্কজ নাথের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘চাপাতি দিয়ে হত্যাকাণ্ড ঘটার পরপরই আইএস নামের একটি জঙ্গি সংগঠন দাবি করছে, কাজটি তারা করেছে। কিন্তু আমি দৃঢ়তার সঙ্গে বলছি, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। এখানে গজিয়ে ওঠা কিছু জঙ্গি সংগঠন মাঝেমধ্যে মাথাচাড়া দেওয়ার জন্য এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করার জন্য দেশি-বিদেশিদের হত্যা করছে।’
জঙ্গিদের ধরা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তারা স্বীকার করেছে যে আইএসের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। এসব জঙ্গির উত্থান দেশেই। এখান থেকেই তারা জঙ্গি কর্মকাণ্ড করে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপককে নির্মমভাবে হত্যার ঘটনায় দুজন সন্দেহভাজনকে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরেছে। তদন্ত চলছে। আশা করি ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা যাবে।’
জাসদের নাজমুল হক প্রধানের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাপাতি দিয়ে মুক্তমনা, ব্লগার, লেখক, প্রকাশক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সবার হত্যাকারীদের পুলিশ শনাক্ত ও গ্রেপ্তার করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘একটি মহল চাপাতি দিয়ে খুন করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। কিন্তু আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর। যতগুলো খুন হয়েছে, সবগুলো তদন্ত করে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সময়মতো এগুলো নিয়ন্ত্রণ করতে পেরেছি।’
সীমান্তে ১৪৬ জনকে হত্যা: মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত সোয়া চার বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় নাগরিকদের হাতে ১৪৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এঁদের মধ্যে ২০১২ সালে সীমান্তে ৩৪ জন, ২০১৩ সালে ২৮ জন, ২০১৪ সালে ৪০ জন এবং ২০১৫ সালে ৩৯ জন নিহত হন। চলতি বছরের ১৮ এপ্রিল পর্যন্ত ৫ জনকে হত্যা করা হয়েছে।
আসাদুজ্জামান বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তে বসবাসকারী মানুষের নিরাপত্তার দায়িত্ব পালন করে। তা সত্ত্বেও বিভিন্ন কারণে সীমান্তে বিচ্ছিন্নভাবে হত্যাকাণ্ড ঘটেই চলেছে। হত্যা বন্ধের প্রচেষ্টা হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রাণঘাতী অস্ত্রের বদলে রাবার বুলেটের অস্ত্র ব্যবহার করছে। এ ছাড়া গত বছরের আগস্টে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বিএসএফের মহাপরিচালক সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে একমত হয়েছেন। একই সঙ্গে তিনি সীমান্ত হত্যা এড়িয়ে চলতে বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশ এবং খারাপ কাজে লিপ্ত না হওয়ার আহ্বান জানান। বিজিবির মহাপরিচালক কোনো বাংলাদেশি আটক হলে তাকে হত্যা না করে তাঁদের কাছে হস্তান্তর করার অনুরোধ জানান। এর অংশ হিসেবে বিজিবির হাতে আটক ২০১৪ সালে ২০৯ জন, ২০১৫ সালে ১৭৪ এবং চলতি বছর ৪০ জন ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।
নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরের নিরাপত্তায় কোস্টগার্ডের জলযান ও জনবলের স্বল্পতা রয়েছে। তবে সরকার ২০২০, ২০২৫ ও ২০৩০ সালের মধ্যে কোস্টগার্ডকে স্বয়ংসম্পূর্ণ বাহিনীতে পরিণত করার পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে ২০১৮ সালের মধ্যে কোস্টগার্ডের বহরে নয়টি জাহাজ ও ছয়টি বোট যুক্ত হবে। এতে নদী ও সাগরে বাংলাদেশের মৎস্য শিকারিদের নিরাপত্তা নিশ্চিত হবে।
হাজি মো. সেলিমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নাজিম উদ্দিন রোড থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের পর জাতির পিতা ও জাতীয় চার নেতা স্মৃতি জাদুঘর জনগণের জন্য উন্মুক্ত করা হবে।