পুলিশ হেফাজতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহীন রেজা রুবেল হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তৎকালীন সহকারী কমিশনার (এসি) মো. আকরাম হোসেনকে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। আকরাম হোসেনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার।
মোমতাজ উদ্দিন ফকির বলেন, আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেছেন। সাত দিনের মধ্যে এসি আকরামকে আদালতে আত্মসমর্পণের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
১৯৯৮ সালের ২৩ জুলাই ডিবির তৎকালীন এসআই হায়াতুল ইসলাম ঠাকুরের নেতৃত্বে ডিবির একটি দল রুবেলকে আটক করে। পরে হেফাজতে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলার রায়ে বিচারিক আদালত ২০০২ সালের ১৭ জুন এসি আকরামসহ ১৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও মুকুলি বেগম নামের এক আসামিকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন।
রায়ের বিরুদ্ধে ওই বছরই হাইকোর্টে আপিল করে আসামিপক্ষ। ২০১১ সালের ৫ মে হাইকোর্ট এসি আকরাম, মুকুলি বেগমসহ ১৩ আসামিকে খালাস দেন। তবে এসআই হায়াতুল ইসলাম ঠাকুরের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রাখেন। রায়ের পর ওই বছরের ৯ মে কারাগার থেকে মুক্তি পান এসি আকরাম।