এসি কামরার টিকিট কিনে বিড়ম্বনার শিকার দ্রুতযান এক্সপ্রেসের ৭০ যাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকিট কিনেও এসি কামরা না থাকার কারণে সেই টিকিট ফেরত দিতে বাধ্য হওয়ায় বিড়ম্বনার শিকার হয়েছেন দিনাজপুর-ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের অন্তত ৭০ জন যাত্রী। এদিকে, নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর ঢাকা পৌঁছানোয় এই ট্রেনের শত শত যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়েছে। দিনাজপুর রেলস্টেশন কর্তৃপক্ষ ও যাত্রীদের সূত্রে এ কথা জানা গেছে। গতকাল শনিবার সকালে দিনাজপুর রেলস্টেশনে গিয়ে যাত্রীদের সঙ্গে রেল কর্তৃপক্ষের বাগিবতণ্ডা ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চোখে পড়ে। টিকিট কাউন্টারে খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার নির্ধারিত সময় সকাল আটটা ১০ মিনিটে দ্রুতযান ট্রেনটি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু নির্ধারিত সময়ের অনেক পরে ট্রেনটি ঢাকায় পৌঁছায়। সময়সূচি ঠিক রাখতে পরের দিন শুক্রবার সকালে কমলাপুর স্টেশন থেকে দ্রুতযান হিসেবে পূর্ব রেলের নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরে পাঠানো হয়। কিন্তু এই ট্রেনটিতে কোনো এসি কামরা না থাকায় এবং ‘শোভন’ চেয়ার আসন কম থাকার কারণে অনেক যাত্রীকে টিকিট ফেরত দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। দ্রুতযান ট্রেনটির যাত্রী দিনাজপুর উপশহর এলাকার মো. সাইফুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ঈদের ছুটিতে মা-ভাইবোনদের সঙ্গে ঈদ করতে বাড়ি এসেছিলেন। নির্ধারিত দিনে ফিরতে দ্রুতযান ট্রেনের এসি টিকিট আগাম কেটে রেখেছিলেন। ছুটি শেষে গতকাল সকালে স্টেশনে এসে জানতে পারেন, ট্রেনে এসি কোচ নেই। বাধ্য হয়ে টিকিট ফেরত নিয়েছেন। দ্রুতযান ট্রেনটির যাত্রী সদর উপজেলার মাশিমপুর মনজুরুল ইসলাম বলেন, তিনি শোভন চেয়ারের টিকিট কেটেছিলেন। কিন্তু টিকিটে যে আসন নম্বরের উল্লেখ আছে, ওই নম্বরের আসন এই ট্রেনে নেই। তাঁর মতো শোভন চেয়ার কোচের অনেক যাত্রীর টিকিট শেষ মুহূর্তে ফেরত দেওয়া হয়েছে বলে তিনি জানান। লোকমান হাকিম নামের একজন যাত্রী জানান, তিনি এসি কোচে টিকিট কেটেছিলেন। কিন্তু যে ট্রেনটি এসেছে, তাতে এসি কামরা নেই। পরে কর্তৃপক্ষকে ম্যানেজ করে শোভন সাধারণ আসনে টিকিট নিয়েছেন। জানতে চাইলে দিনাজপুর রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট মো. আবদুল করিম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, দ্রুতযান ট্রেনটি যমুনা সেতু পার হওয়ার পর ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর ট্রেনটি ঢাকায় পৌঁছায়। ইঞ্জিনের ত্রুটির কারণে এবং ঈদের ছুটিতে কমলাপুর স্টেশনে অপেক্ষমাণ ঘরমুখী যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা হিসেবে কমলাপুর স্টেশনে অবস্থানকারী পূর্ব রেলের নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটিকে পরদিন শুক্রবার সকালে নির্ধারিত সময়ে দ্রুতযান ট্রেন হিসেবে দিনাজপুরে পাঠায়। কিন্তু নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে দ্রুতযান ট্রেনের আসনবিন্যাসের কোনো মিল নেই। তা ছাড়া এসি কোচও নেই। শোভন চেয়ার আসনসংখ্যাও কম ছিল। ফলে এসি কোচের সব যাত্রী এবং শোভন চেয়ার আসনের ২৩ জন যাত্রীর টিকিট ফেরত দেওয়া হয়েছে।