বাংলাদেশ বেতার রাজশাহী স্টুডিওর ভেতরের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) নষ্ট হয়ে যাওয়ায় গরমে অতিষ্ঠ শিল্পী, কলাকুশলী ও ঘোষকেরা। তাঁরা বাধ্য হয়ে ভেতরে বৈদ্যুতিক পাখা ব্যবহার করছেন। এই পাখার শব্দে অনুষ্ঠানের মান খারাপ হচ্ছে। নষ্ট এসি মেরামতের নামে অর্থ লোপাটেরও অভিযোগ উঠেছে।
রাজশাহী বেতার সূত্রে জানা গেছে, রাজশাহী বেতারে পাঁচটি কেন্দ্রীয় এসি রয়েছে। একটি ৮ টনের, একটি ১২ টনের ও বাকি তিনটি ১৫ টন করে। এর মধ্যে শুধু ১২ টনের এসিটি কোনোমতে চলে। বাকি সব কটি নষ্ট। চারটি কক্ষে কুলার থাকলেও তারও তিনটা অচল।
অভিযোগ রয়েছে, ১৫ টনের একটি এসি মেরামতের জন্য ১ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়। কিন্তু ঠিকমতো মেরামত করা হয়নি। অল্প কিছু টাকার কাজ করে বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে। গত মার্চে নতুন আঞ্চলিক প্রকৌশলী আবু মাসুদ রাজশাহী বেতারে যোগদানের পরই এই মেরামত করা হয়।
তবে এই অভিযোগ অস্বীকার করে আবু মাসুদ বলেন, ১৫ টনের এসি যথাযথভাবেই মেরামত করা হয়েছে। কিন্তু ৩০ বছর আগের পুরোনো এসি কিছুতেই নতুনের মতো কাজ করবে না। তিনি বলেন, তিনি আসার আগে সাত লাখ টাকা দিয়ে তিনটি এসি ঠিক করা হয়েছিল। কিন্তু তিনি আসার পর সেগুলোও অচল পেয়েছেন। তিনি কিছু অনিয়ম ধরতে যাওয়ায় তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
এসি নষ্ট থাকায় স্টুডিওর ভেতরে শিল্পী ও কলাকুশলীরা গরমে অসহনীয় যন্ত্রণায় ভোগেন। এ নিয়ে প্রায়ই গোলমাল হচ্ছে। সবার মধ্যে অসন্তোষ বাড়ছে।
বেতারের শ্রোতা আগের চেয়ে অনেক কমে গেছে। তার মধ্যে যাঁরা নিয়মিত এখনো স্থানীয় বেতারের অনুষ্ঠান শোনেন, তাঁদের অভিযোগ হচ্ছে, রাজশাহী বেতার থেকে পরিষ্কার অনুষ্ঠান শোনা যায় না। চারঘাট উপজেলার ডাকরা গ্রামের পল্লিচিকিৎসক বিচ্ছাদ আলী বলেন, তিনি এখনো বেতারের অনুষ্ঠান শোনেন। দোকান ও বাসায় আলাদা রেডিও ব্যবহার করেন। সকালে উঠে বেতারে স্থানীয় খবর শুনেই বাড়ি থেকে বের হন। তিনি বলেন, ‘রাজশাহী বেতারের সম্প্রচার বরাবরই পরিষ্কার হয় না। ইদানীং আরও অপরিষ্কার শোনা যাচ্ছে।’
গত ২৬ সেপ্টেম্বর বেতারের মহাপরিচালক এ কে এম নেসার উদ্দিন ভূঁইয়া ও প্রধান প্রকৌশলী আহাম্মেদ কামরুজ্জামান রাজশাহী বেতারে এসেছিলেন। তাঁদের সামনে কর্মকর্তারা এসির সমস্যার কথা তোলেন। বেতারের একটি সূত্র জানায়, বিষয়টি মহাপরিচালকের সামনে উত্থাপন করায় বেতারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অসন্তুষ্ট হয়েছেন। তারপরও প্রধান প্রকৌশলী আগামী অর্থবছরে রাজশাহী বেতারে কেন্দ্রীয় এসির পরিবর্তে প্রতিটি কক্ষের জন্য আলাদা এসি ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।