বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হওয়া ভোলা জেলার মমতাজ বেগম গরমে কষ্ট পাচ্ছেন। তাঁর ননদ নূরুন্নাহার বেগম তালপাতার পাখা দিয়ে তাঁকে বাতাস করছেন। পাশের শয্যায় হৃদ্রোগে আক্রান্ত উজিরপুর উপজেলার অঞ্জন কুমার হালদারকে বাতাস করছেন তাঁর স্ত্রী৷
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে হাসপাতালে এ দৃশ্য দেখা গেছে৷ হাসপাতালের কর্মচারী ও রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিসিইউ ও পোস্ট সিসিইউর শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র নষ্ট এবং এখানে প্রয়োজনীয়সংখ্যক বৈদ্যুতিক পাখা নেই৷ এ কারণে মমতাজ ও অঞ্জন কুমারের মতো এ দুই ইউনিটের ৫০ জন রোগী ভোগান্তি পোহাচ্ছে৷
হাসপাতাল থেকে জানা গেছে, সিসিইউ ও পোস্ট সিসিইউতে নয়টি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) আছে৷ এগুলো প্রায়ই বিকল থাকে৷ শীতকালে তেমন সমস্যা না হলেও গরম শুরু হওয়ার পর থেকেই এ বিভাগের রোগীদের সমস্যা হচ্ছে। গণপূর্ত বিভাগের লোকজন মাঝেমধ্যে এসে মেরামত করে দিয়ে চলে যাওয়ার দুই-এক দিনের মধ্যে যন্ত্রগুলো ফের বিকল হয়ে যায়। বর্তমানে নয়টি এসির মধ্যে ছয়টিই নষ্ট৷
মুলাদী উপজেলা থেকে আসা রোগী সেলিনা বেগম বলেন, ‘অ্যামনেই হার্টের রোগী, হ্যারপর আবার নাই এসি ও ফ্যান। অ্যাহন তো থাহাই মুশকিল অইছে৷’
নাম প্রকাশ না করার শর্তে হৃদ্রোগ বিভাগের একাধিক সেবিকা বলেন, এ বিভাগের এসিগুলো চলে না। দু-একটা চললেও সেটা দিয়েও পানি পড়তে থাকে। গরমে রোগীদের কষ্ট হলেও তাদের কিছু করার থাকে না।
হৃদ্রোগ বিশেষজ্ঞ ও কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার খাঁ বলেন, বেশ কিছুদিন ধরে সিসিইউ ও পোস্ট সিসিইউতে শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যা হচ্ছে। বিষয়টি দেখার জন্য গণপূর্ত বিভাগকে বলা হয়েছে। ইতিমধ্যে সংস্কারকাজ শুরু হয়েছে।
হাসপাতালের পরিচালক কামরুল হাসান বলেন, গণপূর্ত বিভাগের গাফিলতির কারণে শীতাতপ যন্ত্রগুলো বিকল হয়ে পড়ে থাকে। গত দেড় মাসে কমপক্ষে ১০ বার চিঠি দেওয়া হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।
গণপূর্ত মেডিকেল কলেজ উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবু সুফিয়ান বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চিঠি চালাচালি হচ্ছে এটা ঠিক। কিন্তু শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র মেরামতের কাজ চলছে। যেগুলো সংস্কারযোগ্য নয় সেগুলো আমরা কীভাবে সংস্কার করব। ওগুলো কিনতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি লাগবে।’