এসি বিকল, রোগীদের হাঁসফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিডনির রোগে আক্রান্ত। শরীরে জ্বালা-যন্ত্রণা। একেকবার প্রায় দুই ঘণ্টা ধরে চলে রক্ত পরিশোধন বা ডায়ালাইসিস। কিন্তু এই সেবা নিতে এসে আরও কষ্ট। ডায়ালাইসিস ইউনিটটি সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত থাকার কথা থাকলেও তা নেই। শীতাতপনিয়ন্ত্রিত (এসি) যন্ত্র নষ্ট থাকায় ইউনিটজুড়ে বিরাজ করে গুমোট পরিবেশ। রোগীদের অবস্থা বারোটা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের ডায়ালাইসিস ইউনিটটির হাল এমনই। সেখানকার চারটি এসির তিনটিই নষ্ট। তার ওপর এই ইউনিটের ১৮টি ডায়ালাইসিস যন্ত্রের মধ্যে ৮টিই বিকল হয়ে পড়ায় রোগীদের দুর্ভোগের শেষ নেই।
হাসপাতাল সূত্র জানায়, রংপুর বিভাগের আট জেলার মধ্যে কেবল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা দেওয়া হয়। ২০১০ সালে ডায়ালাইসিস যন্ত্রগুলো নেফ্রোলজি বিভাগে স্থাপন করা হয়। এসব যন্ত্র ঠিক রাখতে রক্ষণাবেক্ষণের পাশাপাশি ওয়ার্ডটি শীতাতপনিয়ন্ত্রিত রাখাও খুব জরুরি। কিন্তু ওয়ার্ডের চারটি এসির মধ্যে তিনটিই সাত মাসের ব্যবধানে নষ্ট হয়েছে। সেই সঙ্গে নষ্ট আটটি ডায়ালাইসিস যন্ত্রও।
নেফ্রোলজি বিভাগের ডায়ালাইসিস ইউনিটের দায়িত্বে নিয়োজিত রয়েছেন জ্যেষ্ঠ সেবিকা শিউলি বেগম। তিনি বলেন, এসিগুলো নষ্ট হওয়ায় শুধু রোগীদের দুর্ভোগ নয়, ডায়ালাইসিসের যন্ত্রগুলোও নষ্ট হয়ে পড়ছে।
গত রোববার সরেজমিনে দেখা যায়, গুমোট গরমে রোগীদের হাঁসফাঁস অবস্থা। স্বজনেরা টেবিল ফ্যান, চার্জার ফ্যান বা হাতপাখা দিয়ে রোগীদের বাতাস করছেন। কুড়িগ্রামের চিলমারী উপজেলার রোগী মতিয়ার রহমান (৪৫) নিজেই হাতপাখায় বাতাস করছেন। তখন তাঁর ডায়ালাইসিস চলছিল। তিনি বলেন, ‘শরীরের যন্ত্রণা। তার ওপর ভ্যাপসা গরম। অসহ্য!’
গাইবান্ধা সদরের সাথী বেগমেরও (১৮) তখন ডায়ালাইসিস চলছিল। তাঁর শয্যার পাশে বসে তাঁকে হাতপাখা দিয়ে বাতাস করছিলেন স্বজন ইসমত আরা। তিনি বলেন, ‘গরমের মধ্যে ছইলটা খুব কষ্ট পাইতোছে।’
কুড়িগ্রামের রাজারহাটের রোগী আবু সায়েম পাটোয়ারি (৫৫) এক বছর ধরে এই হাসপাতালে ডায়ালাইসিস করাচ্ছেন। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, সাত-আট মাস ধরে এসিগুলো খারাপ। কিন্তু এত বড় সরকারি হাসপাতালে তা দেখার যেন কেউ নেই।
এ ব্যাপারে নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান বিডি বিধু প্রথম আলোকে বলেন, চারটি এসির মধ্যে বাকিটিও খারাপ হওয়ার উপক্রম হয়েছে। এসি ও ডায়ালাইসিস যন্ত্রগুলো স্থাপনের পর একবারও রক্ষণাবেক্ষণ না করায় বিকল হয়ে পড়েছে। এ নিয়ে পরিচালকের দপ্তরে অসংখ্যবার আবেদন করা হয়েছে, কিন্তু কাজে আসেনি।
জানতে চাইলে হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ প্রথম আলোকে বলেন, প্রতিটি জিনিসের রক্ষণাবেক্ষণ প্রয়োজন। কিন্তু এসব যন্ত্রের কোনো রক্ষণাবেক্ষণ নেই। নষ্ট এসি ও বিকল ডায়ালাইসিস যন্ত্রগুলো মেরামতের জন্য ঢাকায় একাধিকবার আবেদন পাঠানো হয়েছে। কিন্তু ঠিক হবে হবে বলে শুধুই বিলম্ব হচ্ছে।