এসি বিস্ফোরণ ঘটনায় আরেকজনের মৃত্যু
রাজধানীর গুলশান-২-এ গত শুক্রবার হোটেল সিক্সথ সিজন ইন্টারন্যাশনালে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সোহেল রানা নামের আরেক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে ওই বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিনজনের দুজন মারা গেলেন।
আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানা মারা যান।
ঢাকা মেডিকেল কলেজে আসা সোহেলের বন্ধু গুলজার হোসেন বলেন, সোহেলের বাবর নাম মফিজুর রহমান। জয়পুরহাটের আক্কেলপুর গ্রামে তাঁদের বাড়ি।
শুক্রবার বিকেল তিনটার দিকে এসি সারানোর সময় ঘটা ওই বিস্ফোরণে দগ্ধ হয়ে প্রথমে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি মারা যান। এ ঘটনায় আহত কার্তিক দাস ও সোহেল রানাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর আজ সোহেল রানা মারা গেলেন।