এসি রবিউলের স্ত্রীকে শিগগিরই নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের দুই সন্তানকে কোলে নিয়ে স্ত্রী উম্মে সালমা ও মা করিমন্নেছা। ছবিটি বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামের বাড়ি থেকে তোলা। ছবি: আবদুল মোমিন
গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের দুই সন্তানকে কোলে নিয়ে স্ত্রী উম্মে সালমা ও মা করিমন্নেছা। ছবিটি বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামের বাড়ি থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল করিমের স্ত্রী উম্মে সালমাকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের নারকীয় হামলার আজ এক বছর পূর্তি। বাঙালির ইতিহাসে কুখ্যাত এই হামলার ঘটনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জঙ্গি হামলায় যারা শহীদ হয়েছেন এবং জঙ্গি প্রতিরোধে যারা আত্মাহুতি দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। ওই হামলা প্রতিরোধ করতে গিয়ে পুলিশ বিভাগের অকুতোভয় সহকারী কমিশনার ও এই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র রবিউল করিম নিহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর স্ত্রীকে এই বিশ্ববিদ্যালয়ে চাকরি দিয়ে ওই পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক দায়বদ্ধতা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি অনুসরণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের পরিবারের পাশে দাঁড়িয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিগগির রবিউলের স্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে।

এ বিষয়ে নিহত রবিউলের ছোট ভাই শামসুজ্জামান শামস বলেন, ‘ভাই দেশের জন্য শহীদ হয়েছেন। ভাবিকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাঁর প্রতি যে সম্মান দেখিয়েছে, দেশের মানুষ তা মনে রাখবে। এর মধ্য দিয়ে ভাবির স্বাবলম্বী হওয়ার পথ সুগম হবে। কর্মব্যস্ততার মধ্য দিয়ে ভাবি মানসিক যন্ত্রণাও কাটিয়ে উঠতে পারবেন।