এসি ল্যান্ডসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) অতুল সরকারসহ ১৬ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে। 
সরকারি সম্পত্তি ব্যক্তির নামে নামজারি এবং দখল করার অভিযোগে গত রোববার জয়দেবপুর থানায় দুর্নীতি দমন কমিশনের
(দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২-এর সহকারী পরিচালক এম এইচ রহমতউল্লাহ বাদী হয়ে মামলা তিনটি দায়ের
করেন।
অতুল সরকার বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (ওএসডি) হিসেবে কর্মরত রয়েছেন।
মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন একই উপজেলার কানুনগো (বর্তমানে অবসরপ্রাপ্ত) মো. আমির উদ্দিন, কাশিমপুর
ইউনিয়ন ভূমি কার্যালয়ের সাবেক ভূমি সহকারী কর্মকর্তা (বর্তমানে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নে কর্মরত) আবদুল লতিফ,
সাবেক ভূমি উপসহকারী কর্মকর্তা মো. লাবিব উদ্দিন (বর্তমানে অবসরপ্রাপ্ত), সদর উপজেলা ভূমি কার্যালয়ের সাবেক অফিস
সহকারী (বর্তমানে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষা শাখায় অফিস সহকারী হিসেবে কর্মরত) মো. হারিছ মোল্লা,
কাশিমপুরের এনায়েতপুর গ্রামের আয়েত আলীর ছেলে মজির উদ্দিন, মো. ফরিদুল ইসলাম ও তাঁর স্ত্রী রুনা বেগম। এ ছাড়া ওই
গ্রামের আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
এজাহার থেকে জানা গেছে, সদর উপজেলার গোবিন্দবাড়ী মৌজার এসএ-১ ও আরএস-১ নম্বর খতিয়ানভুক্ত সিএস-৫২ ও
আরএস ৭৪ নম্বর দাগের সরকারি জমি আসামিরা পরস্পর যোগসাজশ করে নামজারি ও দখল করেন। ওই দাগে এক একর ৫৫
শতাংশ জমি সরকারের তরফ থেকে ১৯৭৯ সালে এনায়েতপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মো. আয়েত আলীকে ১০ বছরের
জন্য বন্দোবস্ত দেওয়া হয়। এর কিছুদিন পর আয়েত আলী মারা গেলে তাঁর সন্তানেরাসহ সংঘবদ্ধ একটি চক্র জমিটি নেওয়ার জন্য
তৎপর হয়ে ওঠে। আয়েত আলীর ছেলেরা নিজেদের মালিক দেখিয়ে ২০০৭ সালে ওই জমি অন্য ব্যক্তিকে আমমোক্তারনামা দলিল
করে দেন।
পরে ওই আমমোক্তারনামা দলিলমূলে ওই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা হয়। ২০০৮ সালে ওই জমির নামজারি করার
জন্য স্থানীয় কাশিমপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে যান জমির ক্রেতা ও মামলার আসামি ফরিদুল ইসলাম ও তাঁর স্ত্রী রুনা বেগম।
তথ্য গোপন করে অনৈতিক সুবিধা নিয়ে তৎকালীন এসিল্যান্ডসহ অন্য কর্মকর্তারা ২০০৯ সালে ওই জমির নামজারি করে দেন।
এক নম্বর খতিয়ানভুক্ত সব সম্পত্তিই সরকারি। আর সরকারি সম্পত্তি আদালতের আদেশ অথবা জেলা প্রশাসকের অনুমোদন ও
অনাপত্তিপত্র ব্যতিরেকে ব্যক্তিবিশেষের নামে নামজারি করা যায় না। আসামিরা একে অপরের সহযোগিতায় সাড়ে ১২ শতাংশ
সরকারি জমি দখল করে সরকারের ৬২ লাখ টাকার ক্ষতি করেছেন। এসব অভিযোগে মামলা তিনটি দায়ের করা হয়। জয়দেবপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।