গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার ও সাবেক ভূমি হুকুম দখল কর্মকর্তা পারওয়ার মতিনসহ ১৭ জনের বিরুদ্ধে সরকারের ১ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। এই ১৭ জনের মধ্যে ছয়জন সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং বাকি ১১ জন বেসরকারি ব্যক্তি।
গত রোববার দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপসহকারী পরিচালক মো. আবুল বাশার একে অন্যের যোগসাজশে সরকারি অর্থ আত্মসাৎ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে এ অভিযোগপত্র দেন।
পারওয়ার মতিন বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়, ২০১৩ সালের ২৩ জানুয়ারি থেকে ২০ মে সময়কালের মধ্যে পারওয়ার মতিন গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ভূমি হুকুম দখল কর্মকর্তা হিসেবে কর্মরত থাকা অবস্থায় তিনটি মামলার নথি মূলে ‘গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট-কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়ক উন্নয়ন’ প্রকল্পের জন্য ভূমি হুকুম দখলকালে সরকারি খাসজমি, অর্পিত সম্পত্তি ও জেলা পরিষদের ভূমিতে অবস্থিত ঘরবাড়ি, গাছপালা, অবকাঠামো ইত্যাদির ক্ষতিপূরণের অর্থ অনিয়মের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নামে বিধিবহির্ভূতভাবে প্রদান করে নিজে এবং এল এ শাখার সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিকভাবে লাভবান হয়েছেন এবং সরকারের ১ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৭৩৩ টাকা আত্মসাৎ করেছেন মর্মে তদন্তকালে প্রমাণিত হয়েছে।
শাহরিয়ার মতিন ছাড়াও অন্য যে ১৬ ব্যক্তির নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে পাঁচজন হলেন সরকারি কর্মচারী। তাঁরা হলেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক কানুনগো রমেশ পাল ও আবদুল জব্বার, সাবেক সার্ভেয়ার মো. কাসেদুল হক, মো. ইসমাইল ও মো. মোশাররফ হোসেন।
বাকি ১১ জন বেসরকারি ব্যক্তি। তাঁরা হলেন কোটালীপাড়ার হিরণ গ্রামের হরিপদ সাহা, ডহরপাড়া গ্রামের মো. নান্নু শেখ, শেখ ঠান্ডা, দেলোয়ার হোসেন, মো. জাহিদুল ইসলাম, মদনপাড়া গ্রামের মতিয়ার হাজরা, উরাহাটি গ্রামের গণেশ ওঝা, পশ্চিমপাড়া গ্রামের সোহরাব হোসেন, উনশিয়া গ্রামের মো. ফজুলল রহমান, সোনাদিয়া গ্রামের লিটু শেখ ও গোপালগঞ্জ সদরের মো. সাজিদ মোল্লা।
দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক মো. আলী আকবর খান বাদী হয়ে ২০১৪ সালের ২৪ আগস্ট এ অনিয়মের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।