এসি ল্যান্ডের পদ দুই বছর ধরে শূন্য
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সহকারী কমিশনার, ভূমি (এসি, ল্যান্ড) পদটি দুই বছর ধরে শূন্য। ফলে দাপ্তরিক কাজে অচলাবস্থা দেখা দিয়েছে। জমিসংক্রান্ত কাজ করতে গিয়ে দুর্ভোগে পড়েছেন উপজেলাবাসী।উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৫ সেপ্টেম্বর থেকে উপজেলায় এসি ল্যান্ডের পদ শূন্য। তখন থেকেই ইউএনও ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ইউএনওর দায়িত্ব পালনের পর সময় পেলে তিনি ভূমিসংক্রান্ত কাগজপত্রে সই করেন। ফলে জমিজমা-সংক্রান্ত কাজে দীর্ঘ সময় ব্যয় হচ্ছে। এই অবস্থায় নয়টি ইউনিয়নের ভূমিসংক্রান্ত কাজে স্থবিরতা দেখা দিয়েছে।উপজেলায় আগের মতো ভ্রাম্যমাণ আদালত পরিচালনাও হচ্ছে না।উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সৈয়দ আলী আবদাল বলেন, নতুন নিয়ম অনুসারে জমি কেনাবেচায় নামজারি ও খারিজ বাধ্যতামূলক। আর এ কাজটি করেন সহকারী কমিশনার (ভূমি)। এ পদটি খালি থাকায় জমির ক্রেতা-বিক্রেতা নানা দুর্ভোগের শিকার হচ্ছেন। ইউএনও মো. এমরান হোসেন বলেন, ‘নিজ দপ্তরের কাজের পাশাপাশি ভূমিসংক্রান্ত কাজ করতে খুবই সমস্যা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’