এসি ল্যান্ডের সই নকল করে খারিজের চেষ্টা
গাজীপুরে সহকারী কমিশনারের (ভূমি) সই জাল করে প্রায় ৬০০ শতাংশ জমির নামজারি ও জমাভাগ (খারিজ) করার চেষ্টা করেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় গত বৃহস্পতিবার পর্যন্ত জাল সই করা ৪১টি নথি জব্দ করা হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের পূবাইলের মার্কুয়া মৌজায় জয়নাল আবেদিনের ছেলে মো. শাহজাহান মিয়ার ৪৯ শতাংশ জমি রয়েছে। সম্প্রতি তিনি পূবাইল ভূমি কার্যালয়ের মাধ্যমে নামজারি ও জমাভাগ (খারিজ) করতে দেন, যার নথি নম্বর ৫৫৬। ওই ৪৯ শতাংশ জমি কেনার কথা মো. মাকছুদ নামের এক ব্যবসায়ী। তিনি ৯ অক্টোবর গাজীপুর সহকারী কমিশনার (ভূমি) বিনিতা রানীর কাছে যান জমির কাগজপত্র সঠিক রয়েছে কি না তা যাচাই করতে। ওই জমির কাগজ পরীক্ষা করতে গিয়ে ওই কর্মকর্তা দেখেন জমির পর্চায় তাঁর সই জাল করে খারিজের জন্য আবেদন করা হয়েছে। পরে তিনি গত দেড় মাসের অনেক নথি পরীক্ষা করে ৪১টিতে তাঁর জাল সই পান। এগুলোর মধ্যে ভাওয়াল মির্জাপুর ভূমি কার্যালয়ের সাতটি, বাসন কার্যালয়ের পাঁচটি, পৌর ভূমি কার্যালয়ের ১৫টি, পূবাইলের পাঁচটি ও শালনা ভূমি কার্যালয়ের নয়টি নথি রয়েছে। এসব নথির মধ্যে একটি আবেদনের ডিসিআরও কাটা হয়েছে বলে জানা গেছে। এসব নথি তদন্ত করে দেখার জন্য বৃহস্পতিবার গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম একটি তদন্ত কমিটি গঠন করেছেন। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমানকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে।
ওই অফিসের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এসি ল্যান্ড কার্যালয়ের অসাধু কিছু কর্মচারী এবং ওই পাঁচ ভূমি অফিসের কর্মকর্তা বা কর্মচারীরা জাল সইয়ের ঘটনার সঙ্গে জড়িত।
বিনিতা রানী প্রথম আলোকে বলেন, যাদের স্বার্থ উদ্ধার হয়নি, তারাই এর সঙ্গে জড়িত। তাঁর কার্যালয়সহ সংশ্লিষ্ট ভূমি কার্যালয়ের কেউ জড়িত কি না, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেবাস্টিন রেমা বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জাল সই করে যেসব নথি নামজারি ও জমাভাগের জন্য জমা দেওয়া হয়েছে, সেগুলো খারিজ পাবে না। এ ছাড়া কোনোটি খারিজ হয়ে থাকলে তা বাতিল করা হবে।