এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড দেওয়া হবে শুক্রবার
‘এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২১’ দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে। শুক্রবার বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। এ ছাড়া দিনব্যাপী থাকবে কৃষি মেলা। আয়োজনটি বিকেল ৪টায় সরাসরি সম্প্রচার করবে দীপ্ত টিভি।
বুধবার দুপুরে দীপ্ত টিভি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ চৌধুরী, এসিআই এগ্রো বিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট ফা হ আনসারী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজীর আলম।
২০১৬ সালের ৭ জুন থেকে দীপ্ত টিভিতে সম্প্রচারিত হয়ে আসছে কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘দীপ্ত কৃষি’। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের কৃষি অগ্রযাত্রায় কাজ করছে অনুষ্ঠানটি। কৃষির অগ্রগতিতে যাঁরা অবদান রেখেছেন সেসব কৃষকদের সম্মাননা জানানোর লক্ষ্যে এই পদক প্রবর্তন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কৃষকদের সম্মাননা দেবেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মহাপরিচালকরা। কৃষকদের সম্মাননা সনদ, ক্রেস্ট, এক লাখ টাকা ও এসিআইয়ের পক্ষ থেকে উপহার দেওয়া হবে।
মোট ১০ বিভাগে কৃষকদের এ পদক দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে, সেরা মৎস্যচাষি, সেরা পোলট্রি খামারি, সেরা কৃষি উদ্ভাবক, সেরা মাঠ ফসল উৎপাদনকারী কৃষক, সেরা সবজিচাষি, সেরা গবাদিপশুর খামারি, সেরা ফলবাগানি, সেরা গুচ্ছ কৃষি বা সমবায় কৃষি, সেরা কৃষি উদ্যোক্তা পুরুষ ও সেরা কৃষি উদ্যোক্তা নারী।
পুরস্কার প্রদান মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, মেহজাবিন চৌধুরী, মিম চৌধুরী ও নাদিয়া। এ ছাড়া গান পরিবেশন করবেন সাংসদ মমতাজ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।