এসিআর সংকটে বিদ্যুৎবিভ্রাট দুর্ভোগের ১০ হাজার গ্রাহক
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অধীন কেন্দুয়া উপজেলায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্রটি অটোমেটিক সার্কিট রিক্লোজার (এসিআর) সংকটে পড়েছে। এতে লাইনে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। এ কারণে উপজেলার ১০ হাজার বিদ্যুৎ গ্রাহক ভোগান্তি পোহাচ্ছেন।
পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কেন্দুয়া আঞ্চলিক কার্যালয় ও স্থানীয় বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার একটি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে পবিসের প্রায় ৫০০ কিলোমিটার দীর্ঘ লাইন রয়েছে। গ্রাহকের সংখ্যা প্রায় ২১ হাজার। এসব গ্রাহককে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আটিগ্রাম এলাকায় স্থাপিত ১০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উপকেন্দ্র থেকে ছয়টি মূল লাইনে (ফিডার) পৃথক এসিআরের মাধ্যমে সুষ্ঠুভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এসিআরের মাধ্যমে সাধারণত স্বয়ংক্রিয় লাইন চালু এবং লাইন নিয়ন্ত্রণ করা হয়ে থাকে।
পবিসের আঞ্চলিক কার্যালয় সূত্রে আরও জানা গেছে, এ উপকেন্দ্রে ছয়টি মূল লাইনের (ফিডার) জন্য ছয়টি এসিআর থাকার কথা থাকলেও রয়েছে মাত্র চারটি। এর মধ্যে দুটি এসিআর দিয়ে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় ১ ও ৪ নম্বর লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আর অপর দুটি এসিআর (৩ ও ৫ নম্বর ফিডারের এসিআর) দিয়ে একসঙ্গে একাধিক মূল লাইন (২,৩, ৫ ও ৬ নম্বর ফিডার) সংযুক্ত করে উপজেলার প্রায় ২০০ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে করে একই এসিআরের সঙ্গে সংযুক্ত একটি লাইনে সামান্য ত্রুটি কিংবা বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে অপর লাইনগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
গতকাল শুক্রবার দুপুরে প্রচণ্ড বৃষ্টির সময় ঝোড়ো বাতাসে ৬ নম্বর ফিডারের অধীন এলাকায় বিদ্যুতের তারের ওপর গাছ পড়ে। পরে ওই গাছ সরিয়ে লাইন মেরামতের জন্য ৬ নম্বরের পাশাপাশি ৫ নম্বর লাইনে এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এ দুটি লাইন একই এসিআরের সঙ্গে যুক্ত থাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে।
একইভাবে আগের দিন বিকেলে ৫ নম্বর ফিডারের অধীন উপজেলার বাঁশাটি এলাকায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি পরিবর্তনের কারণে ৫ ও ৬ নম্বর লাইনে প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে এ দুটি ফিডারের অধীন কয়েকটি ইউনিয়নের অন্তত ছয় হাজার গ্রাহককে ভোগান্তি পোহাতে হয়।
এভাবে প্রায়ই লাইনে ত্রুটি, লাইন মেরামত, নতুন ট্রান্সফরমার স্থাপন কিংবা বিদ্যুৎ বিপর্যয়সহ বিভিন্ন কারণে ২, ৩, ৫ ও ৬ নম্বর লাইনের অধীন এলাকার প্রায় ১০ হাজার গ্রাহককে দুর্ভোগে পড়তে হচ্ছে।
পবিসের স্থানীয় সাহিতপুরবাজার অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লাইন টেকনিশিয়ান জয়েন উদ্দিন জানান, এসিআর সংকটের কারণে একসঙ্গে একাধিক ফিডার সংযুক্ত থাকায় সুষ্ঠুভাবে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে
না। ফলে একটি লাইনে কোনো সমস্যা হলে কিংবা লাইন মেরামতের দরকার হলে একই এসিআরের সঙ্গে যুক্ত অপর লাইনগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়।
পবিসের কেন্দুয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আলমগীর হোসেন বলেন, উপজেলার একমাত্র বিদ্যুৎ উপকেন্দ্রে এসিআর সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই ওই উপকেন্দ্রে এসিআর পাঠানো হবে।