এসিড-অপরাধ রোধে শাস্তি বাড়াতে সংসদে বিল পেশ
এসিড-অপরাধ রোধে শাস্তির মেয়াদ বৃদ্ধি এবং ২২ সদস্যের জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল পুনর্গঠনের প্রস্তাব রেখে এসিড নিয়ন্ত্রণ (সংশোধন) বিল-২০১০ গতকাল সোমবার জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিলটি উত্থাপন করেন।বিলটি পরে পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে সংসদে প্রতিবেদন দিতে বলেছেন স্পিকার।এসিড নিয়ন্ত্রণ আইন-২০০২ সংশোধন করে নতুন বিলটি উত্থাপন করা হয়। প্রস্তাবিত বিল অনুসারে জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের চেয়ারম্যান হবেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাউন্সিলের জেলা কমিটিতে একজন সাংসদ থাকবেন উপদেষ্টা। সংশ্লিষ্ট পিপি, জেলা মহিলা সংস্থার সভানেত্রী, স্থানীয় প্রেসক্লাবের প্রতিনিধি, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও নির্বাচিত মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যানদের একজন সদস্য রাখা হবে কমিটিতে।বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়, এসিডের আমদানি, উত্পাদন, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণ; ক্ষয়কারী দাহ্য পদার্থ হিসেবে এসিডের অপব্যবহার রোধ এবং এসিড দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিত্সা, পুনর্বাসন ও আইনগত সহায়তা দেওয়ার লক্ষ্যে এসিড নিয়ন্ত্রণ আইন-২০০২ প্রণীত হয়। এতে ১৬ সদস্যের জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল গঠন করা হয়। এ কাউন্সিলে আইনসচিব, সমাজকল্যাণসচিব, পুলিশের মহাপরিদর্শকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় এবং নারী প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে সদস্যসংখ্যা ২২ করে কাউন্সিল পুনর্গঠনের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে।এসিড-অপরাধসংক্রান্ত মিথ্যা মামলা দায়েরের প্রবণতা বাড়ায় তা রোধকল্পে মিথ্যা মামলা দায়েরের শাস্তি বাড়ানো যুক্তিসংগত। গত ২ নভেম্বর বিলটি মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।মত্স্য হ্যাচারি বিল পাস: মত্স্য হ্যাচারি বিল-২০১০ গতকাল সংসদে পাস হয়েছে। মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বিলটি উপস্থাপন করেন। বিরোধী দলের সদস্যদের সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হওয়ার পর বিলটি পাস হয়।এদিকে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বাংলাদেশ প্রেস কাউন্সিল বার্ষিক প্রতিবেদন-২০০৮ সংসদে উপস্থাপন করেন।