এসিড ছোড়ার দায়ে কারাদণ্ড
রাজশাহীতে শাশুড়ির শরীর এসিডে ঝলসে দেওয়ার দায়ে জামাতাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজশাহীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হোসেন শহীদ আহমদ গতকাল মঙ্গলবার এই রায় দেন। দণ্ড পাওয়া জামাতার নাম ওমর ফারুক (২৯)। তিনি রাজশাহীর পবা উপজেলার হাজরাপুকুর চকপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওমর ফারুকের সঙ্গে সাড়ে চার বছর আগে পবা উপজেলার কাঁটাখালী এলাকার জাবের আলীর মেয়ে রিমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য রিমাকে নির্যাতন করতে থাকেন। একপর্যায়ে রিমাকে বাড়ি থেকে বের করে দেন ফারুক। এ ঘটনায় শাশুড়ি মিনা বেগম বাদী হয়ে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ফারুকের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় জামিনে এসে ফারুক শ্বশুর জাবের আলীসহ পাঁচজনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা করেন। পুলিশ এ মামলার তদন্তে এলাকায় গেলে স্থানীয় লোকজন ফারুকের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গত বছরের ৩০ অক্টোবর ফারুক তাঁর শাশুড়ির গায়ে এসিড ছুড়ে পালিয়ে যান।